ঈদ জামাত শেষে কারাবন্দি মন্ত্রী-এমপিদের কুশল বিনিময়, উপেক্ষিত রাজসাক্ষী মামুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের সব কারাগারসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ জামাতের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনন্দে শরিক হয়েছেন কারাবন্দিরা। অন্যদিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে কোনো বিনোদনের ব্যবস্থা না থাকলেও বন্দি সাবেক মন্ত্রী, এমপি, আমলাসহ রাজসাক্ষী সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঈদের জামাতে অংশগ্রহণ করেন।ঈদ জামাত শেষে সাবেক মন্ত্রী ও এমপিরা একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলি করলেও রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের দিকে কেউ ফিরেও তাকাননি। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিশেষ কারাগারে এসব বন্দিদের জন্য বিনোদন বলতে কেবল টেলিভিশনে বিটিভির বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে।শনিবার (২১ মার্চ) ঢাকার কেরানীগঞ্জ কারাগার এলাকা থেকে একটি সূত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, কেরানীগঞ্জ বিশেষ কারাগারে ঈদের জামাত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা এবং অন্যান্য বন্দিরা একে অপরের সঙ্গে হাসিমুখে ঈদের কুশল বিনিময় করেন এবং অনেকে কোলাকুলিও করেন। তবে কঠোর নিরাপত্তার কারণে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কোলাকুলি তো দূরের কথা, কেউ কোনো কথাও বলেননি। এরপরপরই সবাই নিজ নিজ স্থানে ফিরে যান।

সূত্র আরও জানায়, কেরানীগঞ্জ বিশেষ কারাগারে সকাল সাড়ে ৮টায় কারা কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তায় একটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় বন্দি প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, এমপি ও অন্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি ওই জামাতে নামাজ আদায় করেন রাজসাক্ষী সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (কেরানীগঞ্জ) ফারুক আহমেদ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব বন্দি ও স্টাফ অংশগ্রহণ করেছেন।এছাড়া নির্ধারিত সময়ে বন্দিদের জন্য ঈদ উপলক্ষে মুড়ির পায়েস পরিবেশন করা হয়।নাস্তার পর বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তারা অংশ নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন। পরে তাদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।তিনি আরও বলেন, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে আছি আমি।অন্য কারাগারের কোনো তথ্য আমাদের কাছে নেই।বছরের দুই ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।এছাড়া ঈদ উপলক্ষে বন্দিরা বিনামূল্যে কয়েক মিনিট ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং বাড়ি থেকে রান্না করা খাবার নেওয়ার ব্যবস্থাও থাকে।

এবার ঈদের দিন দুপুরে বন্দিদের জন্য বিশেষ খাবার হিসেবে পোলাও, গরুর রেজালা (যারা গরু খান না ও হিন্দু বন্দিদের জন্য খাসি),সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ ও পান-সুপারি পরিবেশন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। এছাড়া নির্দিষ্ট কারা কর্তৃপক্ষ প্রয়োজনে খাবারের তালিকা থেকে কিছু আইটেম পরিবর্তন করতে পারেন।কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী,ঢাকাসহ দেশের ৭৩টি কারাগারে বর্তমানে হাজতি ও কয়েদি মিলিয়ে আনুমানিক ৮০ হাজার বন্দি রয়েছে।কারা সূত্রে আরও জানা যায়, ঈদের দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে একদিন বন্দিরা স্বজনদের রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাবেন।এ ছাড়া ঈদ উপলক্ষে বন্দিরা মোবাইল ফোনে তিন মিনিট করে স্বজনদের সঙ্গে বিনামূল্যে কথা বলতে পারবেন।এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নতুন পোশাক পেয়েছেন বিশেষ কারাগারে বন্দি থাকা সাবেক মন্ত্রী,এমপি,আমলাসহ অনেকেই।দুস্থ বন্দিদের জন্য কারা অধিদপ্তর ও সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে লুঙ্গি,গেঞ্জি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

You might also like