শ্রীমঙ্গলে প্রকৃত মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত

সংগ্রাম দত্ত
সত্যবাণী

শ্রীমঙ্গল: বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক অর্জন নয়; এটি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল।ভাষা আন্দোলন,ছয় দফা,ঊনসত্তরের গণঅভ্যুত্থান অতিক্রম করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা।এ গৌরবময় ইতিহাসে দেশের প্রত্যন্ত অঞ্চলের মতো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অবদানও গুরুত্বপূর্ণ।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে,এ অঞ্চলের বহু সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আজও রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে রয়ে গেছেন।

শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের রাসেন্দ্র দত্ত চৌধুরী ছিলেন একাধারে রাজনীতিক, সংগঠক ও সাংবাদিক।ভাষা আন্দোলনের সময় থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি স্বাধীনতার চেতনা, গণমানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন।১৯৬৩ সালে বালিশিরা পাহাড় কৃষক আন্দোলনে তিনি অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।স্থানীয় মানুষের অধিকার রক্ষায় তাঁর এই ভূমিকা শ্রীমঙ্গলের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

১৯৭০ সালের ৬ এপ্রিল দায়ের করা তথাকথিত ‘জয় বাংলা’মামলা শ্রীমঙ্গলের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়।পাকিস্তান সরকার স্বাধীনতার দাবিকে দমন করতে এই মামলায় স্থানীয় কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে।তাদের মধ্যে ছিলেন রাসেন্দ্র দত্ত চৌধুরী, ন্যাপ নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া,এম এ রহিম এবং এস এ মুজিব।এই গ্রেপ্তারের প্রতিবাদে শ্রীমঙ্গলজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে ওঠে।সাধারণ মানুষের অংশগ্রহণে আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে এবং শেষ পর্যন্ত প্রশাসন গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে বাধ্য হয়।মুক্তিযুদ্ধ চলাকালে রাসেন্দ্র দত্ত চৌধুরী প্রশিক্ষণ গ্রহণের পর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি ভারতে গিয়ে একটি শরণার্থী ক্যাম্পে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ভারত সরকারের পক্ষ থেকে তিনি সম্মানসূচক সনদও লাভ করেন।তবে তাঁর এসব অবদান থাকা সত্ত্বেও তিনি এখনো রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্যপ্রমাণ না থাকার মন্তব্য তাঁর আবেদনকে আটকে দেয়।

শ্রীমঙ্গলের আরও কয়েকজন নেতা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।ন্যাপ নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া সাধারণ মানুষের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন।এম এ রহিম ১৯৬৮ সালে ছাত্রলীগের থানা কমিটি গঠন করে ছাত্ররাজনীতির ভিত্তি গড়ে তোলেন এবং পরে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এস এ মুজিবও মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন।বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম জীবদ্দশায় মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি।২০২৩ সালে তাঁর মৃত্যুর পরও তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।একইভাবে,আওয়ামী লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তিনি ভারত থেকে মুক্তিযোদ্ধাদের এনে সিন্দুরখান এলাকায় প্রতিরোধ গড়ে তোলায় অংশ নেন।পরবর্তীতে তিনি আওয়ামী লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক,সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।২০০৬ সালে তাঁর মৃত্যু হওয়ায় পরবর্তী সময়ে সরকারি আহ্বানে সাড়া দিয়ে আবেদন করার সুযোগ তাঁর পরিবার পায়নি।

অন্যদিকে, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কমলেশ ভট্টাচার্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত সংগ্রাম পরিচালনা কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।স্বাধীনতার পক্ষে স্থানীয় পর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল আলম মহান স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন পরবর্তীতে তিনি দীর্ঘদিন শ্রীমঙ্গল পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে সংগঠন গড়ে তোলা এবং মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রইস মিয়া (ময়না মিয়া) এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান কমলেশ ভট্টাচার্য স্থানীয়ভাবে মানুষকে সংগঠিত করেন।কমলেশ ভট্টাচার্য পরবর্তীতে রাজনৈতিক সংগঠন শক্তিশালী করতে নিজের সম্পদ পর্যন্ত ব্যয় করেন।চিকিৎসা সেবায় এগিয়ে ছিলেন ডা. রমা রঞ্জন দেব ও ডা. সুধাংশু রঞ্জন দাশ।তারা ভারতে শরণার্থী শিবিরে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের চিকিৎসা প্রদান করেন।তবে তাদের অবদানও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রক্রিয়ায় নানা জটিলতা ও সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরে বিদ্যমান। বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং কমিটির কয়েকজন সদস্যের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও বিতর্কিত মন্তব্যের কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি।২০১৭ সালে যাচাই-বাছাই প্রতিবেদনে অনেক আবেদনকারীর ক্ষেত্রে‘মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি’ উল্লেখ করা হয়,যা নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ রয়েছে।রাসেন্দ্র দত্ত চৌধুরীর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়।তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেন।পরবর্তীতে বিষয়টির অগ্রগতি না হওয়ায় তাঁর পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়।বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে।স্বাধীনতার বহু বছর পরও শ্রীমঙ্গলের অনেক সংগ্রামী ব্যক্তি রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে রয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও হতাশা রয়েছে।সচেতন মহলের মতে, প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং অবদানকারীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।তারা মনে করেন, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা ও সংগঠকদের স্বীকৃতি দেওয়া হলে শুধু ব্যক্তিগত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে না,বরং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও আরও সমৃদ্ধ হবে।

You might also like