নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নিউজ ডেস্ক
সত্যবাণী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন।বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০),সাইফুল ইসলাম (৩০),রামিজুল (৪৫),আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫),আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।সহকর্মীরা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন।তাদের শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।