ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২), আরমান (৩০)।নিহতের মধ্যে তিনজনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনের বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন।
পরে চারজনই বিষক্রিয়ায় নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টায় সেপটিক ট্যাংক থেকে চারজনের লাশ উদ্ধার করে।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।