শ্রীমঙ্গলের সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা নিয়ে জরুরি প্রশ্ন

সংগ্রাম দত্ত
সত্যবাণী

শ্রীমঙ্গল: পর্যটন নগরী ও চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনবান্ধব শহর হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি সিএনজি অটোরিকশা চালক ও লাইটেস (মাইক্রোবাস) চালকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুধু তাৎক্ষণিক সহিংসতা নয়; এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ,জননিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।প্রাথমিকভাবে একটি ওভারটেককে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হলেও পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।পরে ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়ক অবরোধ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।স্থানীয়ভাবে পরিচিত দুটি শ্রমিক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফলে ঘটনাটি কেবল আকস্মিক উত্তেজনার বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিনের অস্থিরতা ও নিয়ন্ত্রণহীনতার বহুমাত্রিক প্রতিফলন বলেই প্রতীয়মান হয়।

তবে পুরো ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দেখা যায়, একজন সাংবাদিককে লক্ষ্য করে কয়েকজন হামলাকারী পিছন দিক থেকে দৌড়ে এসে আক্রমণ করে। পরিস্থিতি বুঝে তার সঙ্গে থাকা অন্য সাংবাদিকরা সরে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীদের আরেকজনকে সামনে থেকে ঘুরে গিয়ে ধাওয়া করতে দেখা যায়। ঘটনাটির ধারাবাহিকতা ও গতিবিধি অনেকের মনে এই প্রশ্ন তৈরি করেছে—এটি কি শুধুই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া সহিংসতা, নাকি নির্দিষ্টভাবে সংবাদকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল?

যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সচেতনভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে থাকে, তবে সেটি কেবল ফৌজদারি অপরাধই নয়;বরং তথ্য সংগ্রহ ও প্রকাশের সাংবিধানিক অধিকারের ওপরও সরাসরি আঘাত।বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশ ও সংবাদ প্রকাশের স্বাধীনতা স্বীকৃত।দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হামলা বা বাধা প্রদান গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক সংকেত।আইনের দৃষ্টিতে এ ধরনের ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারা প্রযোজ্য হতে পারে। সংঘবদ্ধ হামলা, আঘাত, ভয়ভীতি প্রদর্শন,অস্ত্র বহন,জনপথ অবরোধ এবং সরকারি দায়িত্ব পালনে বাধা—এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হতে পারে। যদি প্রমাণ পাওয়া যায় যে সাংবাদিকদের পূর্বপরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল, তবে তদন্তে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা প্রয়োজন।

ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্ন। দীর্ঘদিনের বিরোধ ও উত্তেজনার তথ্য স্থানীয়ভাবে পরিচিত থাকা সত্ত্বেও পরিস্থিতি কেন আগে থেকেই নিয়ন্ত্রণে আনা গেল না, তা নিয়ে আলোচনা রয়েছে। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী সহিংসতা ও মহাসড়ক অবরোধ গোয়েন্দা নজরদারি,ঝুঁকি মূল্যায়ন এবং তাৎক্ষণিক প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।বিশেষ করে ঈদ মৌসুমকে সামনে রেখে শ্রীমঙ্গলের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় এমন সহিংসতা স্থানীয় অর্থনীতি, পর্যটনশিল্প এবং শহরের ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যটকদের কাছে নিরাপত্তাহীনতার বার্তা গেলে দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এখন প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত। সিসিটিভি ফুটেজ, ভিডিও ধারণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। কারা সাংবাদিকদের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছে, কারা উসকানি দিয়েছে এবং কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ছিল কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা জরুরি।একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের দায় এবং নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধুমাত্র মামলা দায়ের বা সাময়িক পরিস্থিতি নিয়ন্ত্রণ যথেষ্ট নয়; দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়।সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ সংবাদকর্মীরা নিরাপদ না থাকলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়, আর সত্য প্রকাশ বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ।শ্রীমঙ্গলের সাম্প্রতিক ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে—যখন দীর্ঘদিনের বিরোধ,দুর্বল নিয়ন্ত্রণ,প্রভাবের রাজনীতি এবং বিচারহীনতার সংস্কৃতি একসঙ্গে জায়গা করে নেয়,তখন সামান্য ঘটনাও বড় অস্থিরতায় রূপ নিতে পারে।তাই পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হওয়াই যথেষ্ট নয়;আইনের শাসন,জবাবদিহি এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

You might also like