ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ফরিদপুরঃ ফরিদপুরের সালথায় এক ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা ও সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান ও রফিক মাতুব্বর পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে সিংহপ্রতাপ এলাকার ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা বাসস্ট্যান্ড এলাকায় গেলে তাকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে কাউলিকান্দা এলাকার হাবিবুর রহমানের পক্ষের সঙ্গে ইব্রাহিম মোল্লা ও রফিক মাতুব্বর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ থেকে ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এছাড়া একটি খড়ির গাদা ও একটি ট্রলিতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।এ বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমান ও রফিক মাতুব্বর পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।