গাজীপুরে দুই মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
গাজীপুর: ঈদুল আজহার ছুটিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ।যাত্রী ও এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দুপুর থেকেই গাজীপুরে যানবাহনের চাপ বাড়তে থাকে।ফলে ধীরগতিতে চলতে থাকে যানবাহন।একপর্যায়ে সন্ধ্যা থেকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থেকে চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা নবীনগর সড়কের জিরানী বাজার এলাকা অতিক্রম করে।
তীব্র যানজটে মহাসড়কে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
অপরদিকে ঝড় বৃষ্টির কারণে অনেক মানুষ যানবাহনে উঠতে পারেনি।মহাসড়কের পাশেই থেমে থাকা এসব যানবাহনের কারণে যানজট লেগে যায়।যাত্রীদের অভিযোগ, মহাসড়ক বন্ধ রেখে যাত্রী ওঠানামা করানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।পুলিশ প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টি না দেখায় এবং তাদের অবহেলার কারণে দীর্ঘ যানজট ও ঘরমুখো মানুষের দুর্ভোগে সৃষ্টি হয়েছে।হেলাল উদ্দিন নামের এক যাত্রী জানান, উত্তরবঙ্গগামী সব কয়টি লেন বন্ধ করে যাত্রী উঠানামা করানো হয়েছে।এছাড়া অনেক বাসের ভাড়া অতিরিক্ত হওয়ার কারণে যাত্রীরা না ওঠায় ওইসব বাস অযথা মহাসড়কে সড়কে দাঁড়িয়ে ছিল।এসব দেখেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।ফলে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে।এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি।
জানা গেছে,গাজীপুরে প্রায় ৫ হাজার শিল্প কারখানা। এরমধ্যে প্রায় ২ হাজার কারখানা গত সোমবার ছুটি হয়েছে।বাকি কারখানা মঙ্গলবার দুপুরের মধ্যেই ছুটি হয়ে গেছে।এসব কারখানার শ্রমিকরা একসাথে বাড়ি ফিরতে শুরু করেছে।যাত্রী এবং যানবাহন অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন,বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপ অতিরিক্ত থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।