নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ যেকোনও অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পাওয়ার পরে গণমাধ্যমগুলো প্রোফাইল তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে।এর কারণ তিনি কোন কোন বিষয়ে দক্ষ সেটা চিহ্নিত করা।যেহেতু খুব অল্প সময়ের জন্য তারা দায়িত্ব নেন— সেকারণে দক্ষ ও অভিজ্ঞতা-সম্পন্ন ও সম্পৃক্ত ব্যক্তিদেরই এই দায়িত্বগুলো দেওয়া হয়। ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা দৈর্ঘ মাঝামাঝি ধরনের ছিল।নিয়মিত সরকারের মতো না হয়েও তারা বড় বড় নির্বাহী সিদ্ধান্তগুলোও নেওয়ার এখতিয়ার দাবি করে ও নেয়।ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর সবার আগে প্রোফাইল করতে গিয়ে আটকে যেতে হয় যার নামের কাছে,তিনি হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।ঠিক কোন দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তিনি স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হলেন? সেই উত্তর মিলছে ক্ষমতা থেকে যাওয়ার এক মাসের মধ্যেই।একটির পর একটি শিশু হামে মারা যাওয়ার খবর বের হতে থাকলে বিস্ময়ের সঙ্গে প্রশ্ন ওঠে— হামে মানুষ মারা যায়? এরপরই জানা যায়,হামের টিকা পায়নি এসব শিশুরা এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনিসেফের কিছু টানাপড়েনের কারণেই এটা সম্ভব হয়নি— যার মাশুল গুনছে এ পর্যন্ত ৫৬৫টি শিশু (শুক্রবারের হিসাব অনুযায়ী)।
সবাই যেন অপেক্ষা করছে এমনিতেই সমস্যা কেটে যাওয়ার
পরিস্থিতি কি মহামারির দিকে যায়নি?
কোনও রোগ বা সমস্যা যখন খুব দ্রুত অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক বেশি মানুষ আক্রান্ত হয়, তখন তাকে মহামারি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানে এনডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারি— তিন ধরনের বিষয় উপস্থিত। কোনও এলাকায় কিছু রোগ সব সময়ই কিছুটা থাকে। যেমন- কিছু দেশে ডেঙ্গু। এটা এনডেমিক। হঠাৎ করে একটি অঞ্চল বা দেশে রোগের আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন সেটাকে এপিডেমিক বলা হয়। আর কোনও রোগ বহু দেশ ও মহাদেশে ছড়িয়ে পড়ে এবং বিশ্বব্যাপী প্রভাব ফেলে— তখন সেটা প্যান্ডেমিক। মহামারি ঘোষণার ক্ষেত্রে সাধারণত যেসব বিষয় বিবেচনা করা হয়, তা হলো— রোগ কত দ্রুত ছড়াচ্ছে, কত মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুহার বা জটিলতা কত, কতগুলো অঞ্চল বা দেশে ছড়িয়েছে ও জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কতটা।হামে আক্রান্ত ও মৃত্যুর যে পরিস্থিতি, সেটাকে এপিডেমিক বলা যায় কিনা, প্রশ্নে শিশু বিশেষজ্ঞ রাকিবুল ইসলাম বলেন, ‘‘এটা অবশ্যই সেসব বৈশিষ্ট্যসম্পন্ন। এত অল্প দিনের মধ্যে এত শিশুর মৃত্যু এবং প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে— ফলে এটাকে মহামারি ঘোষণা করা দরকার ছিল। কারণ এতে করে স্বাস্থ্য-সংশ্লিষ্ট বৈশ্বিক সংস্থাগুলোর সহযোগিতা আসতো। তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো।সূত্র: বাংলাট্রিবিউন