সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল,মার্কেট ও দোকানকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা ওই সময়ের মধ্যেই বন্ধ করতে হবে।এছাড়া,বিভিন্ন স্থানে চলমান ও আসন্ন মেলা,বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে,আগে সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। পরে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য তা সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।নতুন নির্দেশনায় জানানো হয়েছে,ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের নিয়ম আবার কার্যকর করা হয়েছে।ফলে এখন থেকে সব দোকান ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।আদেশে আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং একই নিয়ম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

You might also like