রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর বিমানবন্দর ও বনানী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।নিহতদের মধ্যে একজন পথচারী ও অপরজন বাসের হেলপার।শনিবার (৬ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।প্রথম ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে বিমানবন্দর থানার বিমানবন্দর এপিবিএন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে।
সেখানে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হাই (৬৫)।তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উত্তর নৌপাড়া গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পরিবারের সদস্যরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।অপর দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল ৬টার দিকে বনানী থানার মহাখালী আমতলী এলাকায়।সেখানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়।এ ঘটনায় বাসে থাকা তিনজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাসটির হেলপার মোহাম্মদ রফিক (৩৫) ৭টা ৪৫ মিনিটে মারা যান।তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।দুর্ঘটনায় আহত মোহাম্মদ রনি (২৫) ও মোহাম্মদ ফিরোজ (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

You might also like