বাল্কহেডের ধাক্কায় সেতু ক্ষতিগ্রস্ত, দুই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক
সত্যবাণী
বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর নির্মিত একটি লোহার (আয়রন) সেতু ভেঙে পড়েছে।এতে পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত ব্যাহত হয়েছে এবং স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে রোববার (২৮ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান।স্থানীয় সূত্রে জানা গেছে,কয়েক দশক আগে ইলুহার ইউনিয়ন পরিষদ,জনতাহাট ও মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কচা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়।ইলুহার ও উদয়কাঠীসহ পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা পিরোজপুরের স্বরূপকাঠী সদরে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে এই সেতুটি ব্যবহার করে আসছিলেন।
দুর্ঘটনার সময় এমভি রাইয়ান নামে একটি বালুবাহী বাল্কহেড কচা নদী দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝখানের লোহার পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়।এর কিছুক্ষণ পরই সেতুর মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়।ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন জানান,ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমানকে অবহিত করা হয়। তার নির্দেশে দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।সেতু ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যানবাহন চালকরা।অটোবাইক চালক আশরাফুল ইসলাম বলেন,এই সড়কে প্রতিদিন শতাধিক অটোবাইক চলাচল করে।সেতু ভেঙে যাওয়ার পর থেকে তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।আগে প্রতিদিন এক হাজার থেকে বারোশ টাকা আয় হলেও এখন তা সম্ভব হচ্ছে না।ইজিবাইক চালক চাঁন মিয়া জানান, সেতুটি অচল হয়ে যাওয়ায় এখন তাদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে উত্তর ইলুহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চান বলেন, সেতু ধসে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান তিনি।এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।নতুন সেতু নির্মাণের জন্য একাধিকবার প্রস্তাব ঢাকায় পাঠানো হলেও তা অনুমোদন পায়নি।বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।