এইডেড হাই স্কুলকে বাঁচাতে জাতীয়করণই এখন সময়ের দাবি
সৈয়দ এনামুল ইসলাম
সত্যবাণী
সিলেটঃ সিলেটের ঐতিহ্যবাহী এইডেড হাই স্কুল আজ এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি। একসময় যে প্রতিষ্ঠানটি সিলেটের শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব গঠনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, আজ সেটি শিক্ষার্থী সংকট, আর্থিক অনিশ্চয়তা এবং শিক্ষার মানের অবনতির কারণে বিলুপ্তির আশঙ্কায় দিন গুনছে।
এই অবক্ষয়ের শুরু ২০০২ সালে, যখন জনপ্রিয় ও সফল প্রধান শিক্ষক শ্রী বিরাজ মাধব চক্রবর্তী (মানস বাবু) কে বিদ্যালয় ছাড়তে বাধ্য করা হয়। এরপর দীর্ঘ ১৭ বছর বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক ছিল না। নেতৃত্বের এই দীর্ঘ শূন্যতা প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি করে এবং বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে ক্রমেই দুর্বল করে তোলে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কার্যকর উদ্যোগ না নিলে এই শতবর্ষের ঐতিহ্য হারিয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থানরত এইডেড স্কুলের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী নবনিযুক্ত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব বদরুজ্জামান সেলিমের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি বিদ্যালয়ের বর্তমান সংকটের একটি হতাশাজনক চিত্র তুলে ধরলেও বিদ্যালয় পুনরুদ্ধারে কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করেননি। বরং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বৃহৎ মসজিদ নির্মাণে তাঁর অগ্রগতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। একটি বিদ্যালয়কে বাঁচানোর প্রশ্নে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষার মান, শিক্ষার্থী বৃদ্ধি এবং কার্যকর প্রশাসন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমার দৃঢ় বিশ্বাস, এইডেড হাই স্কুলকে সহশিক্ষা (কো-এডুকেশন) মাধ্যমিক বিদ্যালয় হিসেবে জাতীয়করণই হতে পারে এর টেকসই সমাধান।
জাতীয়করণ একযোগে বিদ্যালয়ের দুটি মৌলিক সংকটের সমাধান করতে পারে। প্রথমত, সরকারি বিদ্যালয়ে রূপান্তরের ফলে আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। আমাদের অভিজ্ঞতা বলে, সরকারি বিদ্যালয়গুলো সাধারণ মানুষের কাছে অধিক আস্থার প্রতীক এবং অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করাতে আগ্রহী।
প্রশ্ন উঠতে পারে—সিলেটে কি আরেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়োজন আছে?
উত্তর হলো—অবশ্যই আছে।
দেশের অন্যান্য বিভাগীয় শহরের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়। চট্টগ্রাম শহরে ১০টি ও খুলনা শহরে ১২টি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। দেশের বিভিন্ন জেলায় বহু বেসরকারি ও কমিউনিটি বিদ্যালয়কে সরকারি বিদ্যালয়ে উন্নীত করার নজিরও রয়েছে। সেই তুলনায় বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও সিলেটে মাত্র ৪টি সরকারি উচ্চ বিদ্যালয় থাকা এক ধরনের বঞ্চনার প্রতীক।
এই দাবির সঙ্গে একটি বৃহত্তর আঞ্চলিক বৈষম্যের প্রশ্নও জড়িত। সিলেটের দুটি সরকারি উচ্চবিদ্যালয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলের প্রতিষ্ঠা। পাকিস্তান আমলের ২৩ বছরে সিলেট একটিও নতুন সরকারি উচ্চবিদ্যালয় পায়নি। স্বাধীনতার পর অন্যন্য শহরের মত সিলেট শহরের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলেও সরকারি উচ্চবিদ্যালয়ের সংখ্যা বেড়েছে মাত্র দুটি। এটি নিঃসন্দেহে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলার প্রতিফলন।
ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯৪৭ সালে পাকিস্তানে অন্তর্ভুক্তির সময় সিলেট ছিল শিক্ষার ক্ষেত্রে অন্যতম অগ্রসর অঞ্চল। তখন সিলেটের সাক্ষরতার হার ছিল প্রায় ৩৬ শতাংশ, যেখানে পূর্ব পাকিস্তানের অন্যান্য অঞ্চলে তা ছিল মাত্র ১৭–১৮ শতাংশ। সরকারি প্রশাসনের শীর্ষ পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয়সমূহে সিলেটিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কিন্তু পরবর্তী কয়েক দশকে সেই অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। শিক্ষার সূচকে সিলেট পিছিয়ে পড়ে এবং প্রশাসন ও উচ্চশিক্ষা—উভয় ক্ষেত্রেই সিলেটিদের প্রতিনিধিত্ব কমে আসে।
এই বাস্তবতা পরিবর্তনের জন্য মানসম্মত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। সিলেটের বৃহত্তম ও ঐতিহ্যবাহী বিদ্যালয় এইডেড হাই স্কুলকে জাতীয়করণ করা হলে তা শুধু একটি প্রতিষ্ঠানকে রক্ষা করবে না; বরং সিলেটে সরকারি শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি সিলেটের প্রতি দীর্ঘদিনের শিক্ষা-বৈষম্য আংশিকভাবে হলেও দূর করার একটি বাস্তব পদক্ষেপ হবে।
এখন সময় এসেছে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং সরকারের সম্মিলিত উদ্যোগে এই দাবিকে একটি গণআন্দোলনে পরিণত করার। আমরা যদি এখনই এগিয়ে না আসি, তাহলে হয়তো অচিরেই সিলেটের ইতিহাস থেকে হারিয়ে যাবে একটি গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান।
এইডেড হাই স্কুলকে বাঁচানো শুধু একটি বিদ্যালয়কে রক্ষা করার প্রশ্ন নয়; এটি সিলেটের শিক্ষা, ঐতিহ্য এবং ভবিষ্যৎকে রক্ষা করারও প্রশ্ন।