নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিউজ ডেস্ক
সত্যবাণী
তুরস্কঃ সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ক সতর্ক করে জানিয়েছে,ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি কোনো ‘ফাঁদে’ তারা পা দেবে না।উত্তর সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর আঙ্কারা এ প্রতিক্রিয়া জানায়। তুরস্কের অভিযোগ, ইসরায়েল তাদের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দাঁড় করাতে ভিত্তিহীন দাবি করছে।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন,আমরা যথেষ্ট অভিজ্ঞ, তাই নেতানিয়াহুর মতো ব্যক্তিদের ফাঁদে পড়ব না,যারা আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়।’সম্প্রতি তুরস্কের একটি সামরিক প্রতিনিধিদল ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছে বলে দাবি করেছিল ইসরায়েল। তবে তুরস্ক প্রথমে সেখানে কোনো সামরিক সফরের কথা অস্বীকার করে।এর মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্বীকার করেন,তুরস্কের সামরিক কর্মকর্তারা সম্প্রতি ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছেন।তবে সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে, এমন দাবি তিনি নাকচ করে দেন।উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েলের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তুরস্ক অবশ্য বলছে,আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো কাজ তারা করবে না; বরং মধ্যপ্রাচ্যে শান্তি চায় তুরস্ক।সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল