সাজেকে গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার পর্যটক উদ্ধার

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাঙামাটিঃ সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকালে রাঙামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়।তবে সেনাবাহিনী ও পুলিশের সময়োপযোগী ও যৌথ তৎপরতায় আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়,আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্যরা স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সাজেক-বাঘাইহাট সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।সকাল ১০টার দিকে তারা পথরোধ করলে সাজেকে বেড়াতে আসা হাজার হাজার পর্যটক আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল সেখানে পৌঁছায় এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করে।কিন্তু অবরোধকারীরা শান্ত হওয়ার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে রাস্তা সচল করার উদ্যোগ নেন। বেলা ১১টার দিকে ইউপিডিএফ-এর সশস্ত্র কর্মীরা আচমকা পর্যটক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে আত্মরক্ষা ও পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল দলও পাল্টা গুলি চালায়। তীব্র প্রতিরোধের মুখে সশস্ত্র হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।প্রাথমিক তদন্তের বরাতে আইএসপিআর উল্লেখ করেছে, এই সহিংসতা ও পথরোধের ঘটনাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের মুখে কোণঠাসা হয়ে ইউপিডিএফ-এর একটি অংশ পর্যটন এলাকাকে কেন্দ্র করে এই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা স্থানীয় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে।আইএসপিআর আরও জানিয়েছে, এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে শান্তি বিনষ্ট করার পাশাপাশি স্থানীয় পর্যটনশিল্প ও সাধারণ মানুষের জীবন-জীবিকাকে মারাত্মক হুমকিতে ফেলছে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি,স্থিতিশীলতা এবং জানমালের নিরাপত্তা রক্ষায় বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

You might also like