গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজীপুরঃ  গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের একটি গোডাউনে লাগা আগুন আশপাশের আরও ছয়টি গোডাউনে ছড়িয়ে পড়েছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার সন্ধ্যা ৬টার দিকে দেওয়ালিয়াবাড়ী মোড় এলাকায় একটি পানি কারখানার পাশে থাকা ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ছয়টি গোডাউনে ছড়িয়ে পড়ে।এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয় বাসিন্দা ও গোডাউনে কর্মরত শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। এ নিয়ে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।সন্ধ্যা ৭টা ৮ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী,তখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান,বিকেল ৫টা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।পাশাপাশি সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরীও অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

You might also like