শেনজেন গোলটেবিল বৈঠক — তিন পরাশক্তির সমঝোতা: বহুমেরু বিশ্ব নাকি ত্রিমুখী শাসন?
চৌধুরী ফরহাদ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে, ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ার ইয়াল্টায় বসেছিলেন তৎকালীন তিন পরাশক্তির নেতা—যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট,যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল এবং সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্তালিন।সেদিন তাঁরা যুদ্ধোত্তর পৃথিবীর মানচিত্র নিয়ে আলোচনা করেছিলেন।আট দশক পর,২০২৬ সালের ১৯ নভেম্বর চীনের শেনজেনের কাইলিন ভিলায় যেন সেই ইতিহাসেরই এক আধুনিক ও ভিন্ন সংস্করণ মঞ্চস্থ হলো। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে ইতিহাসে প্রথমবারের মতো একই গোলটেবিলে মুখোমুখি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।এই বৈঠক নিছক কোনো কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ ছিল না। এটি ছিল স্নায়ুযুদ্ধ-পরবর্তী মার্কিন একক আধিপত্যের আনুষ্ঠানিক অবসানের প্রতীকী ঘোষণা। তবে প্রতীক যত বড়, বাস্তব অর্জন ততই ছোট।
- শেনজেন ঘোষণাপত্র ও নেপথ্যের সমীকরণ:
প্রায় ৭০ থেকে ৯০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক শেষে তিন নেতা ‘শান্তির পথে ঘোষণা’ (Declaration Toward Peace) শীর্ষক চার দফার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এতে ছিল — ১) পারমাণবিক যুদ্ধ কখনো জেতা যায় না, কখনো লড়া উচিত নয়, এবং পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপ, ২) জাতিসংঘের সংস্কার, ৩) পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, ৪) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যেন এখতিয়ারের অপব্যবহার না করে।
এখানেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি লুকিয়ে আছে — ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধ ও ইরান সংঘাতের কোনো উল্লেখই নেই। কোনো অস্ত্র কমানোর প্রতিশ্রুতি নেই, কোনো সময়সীমা নেই।বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রের মালিক এই তিন দেশ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই বৈঠক নতুন কোনো ত্রিপক্ষীয় চুক্তির পথ খুলবে কি না, তা এখনো অনিশ্চিত।আইসিসি নিয়ে তিন নেতার অভিন্ন অনীহা কিন্তু স্পষ্ট। পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, আর ট্রাম্প প্রশাসন আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাম্প সংস্থাটিকে ‘রোগ গ্লোবালিস্ট অর্গানাইজেশন’ বলে আখ্যায়িত করেন। এর মাধ্যমে পরাশক্তিগুলো মূলত এই বার্তাই দিল — বৈশ্বিক আইনি কাঠামোর চেয়ে বৃহৎ শক্তির নিজস্ব সার্বভৌমত্বই শেষ কথা।
- প্রভাববলয় ভাগ করার শঙ্কা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
শেনজেন বৈঠককে আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে ‘ইয়াল্টা ২.০’ হিসেবে অভিহিত করতে শুরু করেছে। কিন্তু এই তুলনা নিয়ে মতভেদ আছে।বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, এই বৈঠক যেন ‘ইয়াল্টা ২, ৩, ৪’-এ পরিণত না হয়, যেখানে প্রভাববলয় পুনর্বণ্টন করা হয়।বৈঠকের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আরও কড়া ভাষায় লিখেছেন, “শেনজেন পুতিনের স্বপ্নের ইয়াল্টা নয়।অন্যদিকে পুতিন নিজে ইয়াল্টা তুলনা উড়িয়ে না দিয়ে বলেছেন, “ইয়াল্টায় বিশ্বকে প্রভাববলয়ে ভাগ করা হয়নি, ইয়াল্টা কেবল বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছিল।মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের এই পদক্ষেপ তীব্র সমালোচনার মুখে পড়েছে। ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে ‘আমার বন্ধু’ এবং সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। এর জবাবে রিপাবলিকান সিনেটর জন কার্টিস উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং সি চিন পিং আমাদের বন্ধু নন।’
- বহুমেরুকরণ নাকি ত্রিমুখী আধিপত্য?
বৈঠকের আগে সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন এক যৌথ বিবৃতিতে একটি ‘ন্যায়সংগত বহুমেরু বিশ্বব্যবস্থা’ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা ‘বহুমেরুকরণ’ এবং ‘বহুপাক্ষিকতাবাদ’-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।প্রাক্তন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কেভিন রুড সতর্ক করে বলেছেন, এই বৈঠক থেকে কোনো ভূখণ্ড ভাগ হবে না। চীনের আগ্রহ মূলত নিজেকে একজন আয়োজক শক্তি হিসেবে দেখানো।ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া-র এক বিশ্লেষণে যথার্থই বলা হয়েছে, বিশ্বের প্রয়োজন প্রকৃত বহুমেরুকরণ, কোনো ‘ত্রিশক্তির শাসন’ নয়। গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জন্য এটি একটি বড় সতর্কবার্তা। তিন পরাশক্তি যদি নিজেদের মধ্যে সমঝোতা করে বিশ্বকে আমেরিকান, রুশ ও চীনা বলয়ে বিভক্ত করে নেয়, তবে ক্ষুদ্র ও মাঝারি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতি চরম হুমকির মুখে পড়বে।
- আগামীর বিশ্বব্যবস্থা ও আমাদের অবস্থান:
ইতিহাসবিদ অড আর্নে ওয়েস্টাড সতর্ক করেছেন, বর্তমান বিশ্বরাজনীতির অস্থিরতা প্রথম বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। একদিকে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে অস্থির, অন্যদিকে চীন এশিয়ায় প্রভাব বাড়াতে মরিয়া, আর রাশিয়া সামরিক শক্তির জোরে হারানো গৌরব ফেরাতে চাইছে।শেনজেনের বৈঠক প্রমাণ করে, ওয়াশিংটন,মস্কো ও বেইজিং — তিন রাজধানীই এখন স্বীকার করে নিচ্ছে, এককভাবে বিশ্ব শাসন করা কারও পক্ষেই আর সম্ভব নয়। তবে এই সমঝোতা যদি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কেবল ‘জোর যার মুল্লুক তার’নীতিতে প্রতিষ্ঠিত হয়, তবে তা বিশ্বশান্তির বদলে নতুন স্নায়ুযুদ্ধকেই উসকে দেবে।বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য তাই আগামী দিনগুলোতে কোনো একটি নির্দিষ্ট বলয়ে ঝুঁকে না পড়ে ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক কূটনীতি বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেনজেন আমাদের শেখালো — বড় শক্তির টেবিলে আমাদের জায়গা হবে না, যদি আমরা নিজেরা নিজেদের জায়গা তৈরি না করি।
লেখক পরিচিতি: কলামিস্ট ও সমাজকর্মী।