পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

কিশোরগঞ্জঃ  কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে প্রায় ১৩ ঘণ্টায় ৫১ বস্তা টাকা গণনা শেষে এ হিসাব নিশ্চিত করেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।প্রায় পাঁচ মাস পর শনিবার সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক সোহানা নাসরিন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো.মাজহারুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের কড়া নিরাপত্তায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়।পরে দানবাক্সের টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়।সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ কর্মকর্তা।এ সময় নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ,আনসার, এসআরবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।দিন দিন মসজিদে দানের পরিমাণও বাড়ছে।এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।সেবারও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।এবার আগের ১৩টি দানবাক্সের পাশাপাশি নতুন করে আরো দুটি বাক্স যুক্ত করা হয়।ফলে মোট দানবাক্সের সংখ্যা দাঁড়ায় ১৫টি।সাধারণত প্রতি তিন মাস পরপর,অর্থাৎ বছরে চারবার দানবাক্স খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছর খোলা হয়েছে দুবার।দীর্ঘ সময় পর দানবাক্স খোলায় এবার দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়েছে।

মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকার সব ধর্মের মানুষ এখানে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন তারা। দেশের বাইরে থেকেও মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অর্থ দান করেন অনেকে।গত কয়েক বছরে দানবাক্সে মানতসংক্রান্ত চিঠি দেওয়ার প্রবণতাও বেড়েছে। এসব চিঠিতে কেউ পরিবারের সদস্যের রোগমুক্তি, কেউ পারিবারিক বা প্রেমের জটিলতা নিরসন, আবার কেউ রাজনৈতিক অস্থিরতা কমিয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য মানত করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মানতের টাকা দান করতে আসেন রাখাল চন্দ্র পাল।তিনি বলেন,“পাগলা মসজিদের কথা টেলিভিশনে অনেক দেখেছি,মানুষের মুখেও শুনেছি। এখানে সব ধর্মের মানুষ দান করেন জেনে আমারও একটি মানত ছিল।মনোবাসনা পূর্ণ হওয়ায় পরিবার নিয়ে এসে সাধ্যমতো কিছু দান করেছি।নেত্রকোনার মদন থেকে আসা আবু বক্কর বলেন,“আমি এই মসজিদে দুটি ছাগল মানত করেছিলাম।এবার আমার মনোবাসনা পূর্ণ হয়েছে।তাই পরিবার নিয়ে এসে মানত করা ছাগল দিয়ে গেলাম।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান,এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আজকের দানের টাকাসহ মসজিদের ব্যাংক হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।এ ছাড়া গত ১২ অক্টোবর পাগলা মসজিদের ছয় বছরের দান থেকে জমা হওয়া ‘রত্নভান্ডার’ গণনা করে পাওয়া যায় ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা ও ১২ কেজি রূপা। পাশাপাশি ৩০টি দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর আগে ২০২০ সালের ১১ মার্চ সর্বশেষ সোনা-রূপার হিসাব করা হয়েছিল। সে সময় প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রূপা নিলামে বিক্রি করে ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা পাওয়া যায়। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত ১৮ বার দানবাক্স খোলা হলেও সোনা-রূপা পরিমাপ ও বৈদেশিক মুদ্রা গণনার আয়োজন এবারই প্রথম।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তের সমাগম হয়।ওই আধ্যাত্মিক পুরুষের মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে।কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।

You might also like