রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন,এক সপ্তাহেও জানেনি বন বিভাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলে রাতের আঁধারে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে।গত এক সপ্তাহে সংঘবদ্ধভাবে অর্ধশতাধিক তালগাছসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে।বনভূমির ভেতরে পড়ে থাকা গাছের কাটা গুঁড়ি ও কাণ্ড থেকে গাছ নিধনের চিত্র সামনে এসেছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামে ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বনের বিভিন্ন স্থানে কাটা তালগাছের গুঁড়ি ও কাণ্ড পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি,অর্ধশতাধিক তালগাছ কেটে ফেলা হয়েছে।পাশাপাশি কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ। কয়েকটি গাছে পরিপক্ব তালফল থাকা অবস্থাতেই সেগুলো কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য,দিনের বেলায় বনটি নির্জন থাকলেও রাত নামার পর সেখানে গাছ কাটার তৎপরতা শুরু হয়।করাতের শব্দ শুনে বিষয়টি আঁচ করতে পারেন তারা।পরে সকালে বনের ভেতরে গিয়ে একের পর এক গাছ কাটা অবস্থায় দেখতে পান।স্থানীয় বাসিন্দা  বলেন, “গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি।সকালে গরু চরাতে এসে দেখি,সারি সারি তালগাছ কাটা পড়ে আছে।বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।এক সপ্তাহ ধরে এভাবে বন উজাড় হলেও বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে আসতে দেখিনি।

পরিবেশকর্মী বলেন,“প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের বিশেষ গুরুত্ব রয়েছে।বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমানোর ক্ষেত্রে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংরক্ষিত বনাঞ্চলে এভাবে বিপুলসংখ্যক তালগাছ কেটে ফেলা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত গাছ কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মীরা।সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে অনেকগুলো তালগাছ কাটা হয়েছে।পাশাপাশি অন্যান্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গাছগুলো জব্দ করে নেওয়া হবে।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো.বিপ্লব হোসেন বলেন,“গাছ কাটার খবর পেয়ে দুদিন আগে সেখানে লোক পাঠানো হয়েছিল।দুটি গাছ কাটা হয়েছে।এর মধ্যে একটি গজারি গাছ জব্দ করা হয়েছে।তবে এতগুলো গাছ কাটার খবর আমার জানা নেই। বিষয়টি দেখতে আবারও লোক পাঠানো হচ্ছে।শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, “বিষয়টি আমার জানা নেই।খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সংরক্ষিত বনাঞ্চলে একের পর এক গাছ কেটে ফেলার ঘটনায় বন বিভাগের নজরদারি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।তাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চললেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি।তবে বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

You might also like