সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তবে অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।সভায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি,আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়াও নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।এদিন সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়,সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। মানচিত্রদেখুন

এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।এজন্য আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি,অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

You might also like