এক বছরে ৮ এমপিকে হারাল জাতীয় সংসদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ক্যালেন্ডারের পাতা থেকে আরও একটি বছর খসে পড়ল। কয়েক ঘণ্টা পরই নতুন সূর্যোদয়।তবে বিদায় বছর অন্যসব বছরের মত ছিল না। মহামারি করোনা ভাইরাসের কারণে অনেক রথী-মহারথীদের হারিয়েছি আমরা। যা অন্যসব বছরের তুলনায় অনেক বেশি।এ বছর দেশের দুজন সংসদ সদস্য (এমপি) করোনা ভাইরাসে মারা গেছেন। এছাড়া বার্ধক্যজনিত রোগে মারা গেছেন আরও ছয় এমপি।এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ (এমপি নন) করোনায় মারা যান। করোনার কারণে পাঁচজন এমপি সংসদে জানাজাও পাননি। ঠিকভাবে চালানো যায়নি সংসদীয় কার্যক্রম। অধিবেশন ছিল শুধু সংবিধান রক্ষার জন্য। অন্যদিকে সংসদীয় কমিটিগুলোও কার্যপ্রণালি বিধি অনুযায়ী বৈঠক করতে পারেনি।

বিদায়ী বছরে মৃত আট এমপির মধ্যে ৬ জনই আওয়ামী লীগের। এ স্বল্প সময়ে বিপুলসংখ্যক এমপি হারায়নি আর কখনও। তাদের হারিয়ে আবেগাপ্লুত স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এতসংখ্যক এমপির মৃত্যুর পরও উপনির্বাচন সময়মত করা যায়নি। দীর্ঘদিন জনপ্রতিনিধি শূন্য থেকেছে সংশ্লিষ্ট আসনের জনগণ। করোনার কারণে তিন মাসের পরিবর্তে ছয় মাসের মধ্যে এসব আসনে উপনির্বাচন হয়।

সংসদের আইন শাখা-২ সূত্র জানায়, গত ১০ জানুয়ারি ডা. মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), ১৮ জানুয়ারি আব্দুল মান্নান (বগুড়া-১), ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও এমপি ইসমাত আরা সাদেক (যশোর-৬), ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও এমপি শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), ৬ মে হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), করোনা আক্রান্ত হয়ে ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এমপি (সিরাজগঞ্জ-১), ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮) ও করোনায় আক্রান্ত হয়ে ২৭ জুলাই ইসরাফিল আলম (নওগাঁ-৬) মারা যান।এ বিষয়ে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিদায়ী বছরে আমরা অনেক এমপি হারিয়েছি। এজন্য সংসদের কার্যদিবসগুলোও ছিল শোকাচ্ছন্ন। করোনা ভাইরাসের কারণেও অধিবেশনের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে। মানা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি।’

কোনো এমপি মারা গেলে সংসদে অনুষ্ঠিত জানাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ছাড়াও নিজ নিজ দলের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। মুক্তিযোদ্ধা হলে পান গার্ড অব অর্নার। জানাজায় সহকর্মীরা ছাড়াও সংসদে কর্মরত ও আশপাশ এলাকায় বসবাসকারীরা অংশ নেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে পাঁচজন এমপির ভাগ্যে এসব জোটেনি।দলের একের পর এক এমপি মারা যাওয়ায় জুনে সংসদে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খুব দুঃখজনক… আসলে আমার জন্য খুব কষ্টকর হচ্ছে বলতে, এভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক।’স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বার বার চোখ মোছেন শেখ হাসিনা।

You might also like