করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু,আইজিপির শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. মোশারফ হোসেন নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।মহামারি করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৯৩ জন পুলিশ সদস্য জীবন দিয়েছেন। যা একক বাহিনীর হিসাবে সর্বোচ্চ।এআইজি জানান, পুলিশের এই সদস্য করোনা আক্রান্তের পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার (২১ এপ্রিল) রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সবশেষ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার আশ্বিনপুরে।এআইজি আরও জানান, পুলিশের ব্যবস্থাপনায় লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।এ দিকে, করোনায় কনস্টেবল মো. মোশারফ হোসেনের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোকবার্তায় আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

You might also like