সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সরকারি নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলা প্রত্যাহারে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

রোববার (২৩ মে) সকালে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা এ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকসহ বিভিন্ন মহল। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মামলা প্রত্যাহার বড় কথা না। তদন্ত করে যদি নির্দোষ হয় আর কেউ দোষী হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ওপর আস্থা রাখতে বলেন মন্ত্রী।সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যমকর্মী আইন নিয়ে কোনো খসড়া সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর মন্ত্রণালয়ে পাঠানো হলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সে বিষয়ে কথা বলবেন।প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের পর গত ১৭ মে মধ্যরাতে স্বাস্থ্য সেবা বিভাগ রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানায় মামলা করে। সে মামলায় আজ তিনি জামিন পেয়েছেন।

You might also like