সিদ্ধান্ত পরিবর্তন, বৃহস্পতিবার থেকে ‘সর্বাত্মক লকডাউন’
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত, পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।শনিবার (২৬ জুন) রাতে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে আগামী ১ জুলাই সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।জানা গেছে, সরকার ঘোষিত এই সর্বাত্মক লকডাউন আগামী এক সপ্তাহ থাকবে।এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে সোমবার থেকে কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।