ঈদের পর আবারো মাঠে থাকবে সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারির সংক্রমণ পরিস্থিতির মাঝে আসন্ন ইদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে সরকার।তবে একই সাথে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।ফলে ইদ উপলক্ষে আট দিনের শিথিলতা শেষে ২৩ জুলাই থেকে লকডাউন বাস্তবায়নে আগের বিধিনিষেধের মতোই পুলিশ, বিজিবি ও র্যাবের সাথে মাঠে থাকবে সেনাবাহিনী।মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে ২৩টি শর্ত দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
এতে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি/ কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সাথে স্থানীয়ভাবে বিশেষ কোন কার্যক্রমের প্রয়োজন হলে সেই বিষয়ে পদক্ষেপ নিবেন।সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর আওতায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।