বর্ষিয়ান রাজনীতিবিদ লুৎফুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মুক্তিযুদ্ধের সংগঠক,বর্ষিয়ান রাজনীতিবিদ,সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই।গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টা ১০ মিনিটের সময় তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইল্লালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে সিলেটে নেমে এসেছে শোকের ছায়া।প্রবীন এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় , জেলা ও মহানগর নেতৃবৃন্দ। প্রয়াত এই জননেতার নামাজে জানাজা আজ শুক্রবার বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১১ টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে মরদেহ রাখা হবে।লুৎফুর রহমান গত ১৫ জুলাই অসুস্থতাবোধ করায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাঁকে নগরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেন। গত ২১ আগষ্ট জেলা আওয়ামী লীগের আলোচনাসভায় তিনি সভাপতিত্বও করেন। গত সোমবার হঠাৎ করে আবার অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ভেল্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ৪টা ১০ মিনিটের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবীন এ জননেতা। অ্যাডভোকেট লুৎফুর রহমানের মুত্যুর খবর পেয়েই প্রথমে হাসপাতালে ও পরে তাঁর নগরের বাসভবনে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
সংক্ষিপ্ত জীবনী:অ্যাডভোকেট লুৎফুর রহমান ১৯৪০ সালের ৮ ডিসেম্বর সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে মৌলভীবাজার সরকারি হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন। পরে সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে আইএসসি ও বিএসসি উক্তীর্ণ হন। পরে ঢাবা বিশ^বিদ্যালয় থেকে এলএলবি কৃতকার্য হয়ে সিলেট জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন। তিনি কিছুদিন ঢাকার একটি হাইস্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ১৯৬১ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ও ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সিলেটে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেন এবং ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে উত্তর পূর্বাঞ্চল রনাঙ্গনের বেসামরিক উপদেষ্ঠা দেওয়ান ফরিদ গাজীর সিভিল অ্যাফেয়ার্স সাহায্যকারী হিসেবে কাজ করেন। দেশ স্বাধীনের পর তিনি ১৯৭২ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশের মহান সংবিধানে স্বাক্ষরকারী হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখান। পরবর্তীতে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ৫ ডিসেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেট নগরের আম্বরখানা বড়বাজারের বাসভবনে তিনি স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
সহপাঠীদের প্রতিক্রিয়া:সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মুদাব্বির আলী জানান, স্বাধীনতার পর দেওয়ান ফরিদ গাজীকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁকে সাধারণ সম্পাদক করে যে কমিটি গঠন করা হয় সেই কমিটিতে অ্যাডভোকেট লুৎফুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬১ -৬২ সালে ডা. দেওয়ান নূরুল হোসেন চঞ্চলের নেতৃত্বে সিলেটে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হলে লুৎফুর রহমানসহ তারা একসঙ্গে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য হন। প্রয়াত লুৎফুর রহমানের সঙ্গে ষাট বছরের রাজনৈতিক সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, লুৎফুর রহমান ছিলেন মহৎ গুনাবলীর অধিকারী একজন সফল রাজনৈতিক নেতা।সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, লুৎফুর রহমান ছিলেন একজন সহজ সরল লোক। সারাজীবন নীতি আদর্শ বজায় রেখে এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে গেছেন। শুধু রাজনৈতিক নেতা হিসেবে নন ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেন, লুৎফুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। আদর্শের প্রতি অবিচল ও নেতৃত্বের প্রতি অনুগত একজন বিচক্ষণ জননেতা।যুক্তরাজ্যের স্কটল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহনূর চৌধুরী বলেন, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা। অত্যন্ত উদার মনের মানুষ। ছাত্রজীবন থেকে পরিচয় উল্লেখ করে গভীরভাবে শোকাহত জানিয়ে বলেন, জীবনে কোনদিন তাঁর মধ্যে স্বার্থপরতা দেখিনি। এক মেসে থেকেছি। জীবনের স্বর্ণালী সময় একসঙ্গে কাটিয়েছি। তিনি ছিলেন সৎ, চরিত্রবান একজন মানুষ। তাঁর মৃত্যুতে সিলেটবাসী হারালো একজন নিঃস্বার্থ সমাজসেবককে।