৩০ ডিসেম্বরকে ‘অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব মোমেনের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দেশের চলমান উন্নয়নে আরো অধিকসংখ্যক প্রবাসী বাংলাদেশী (এনআরবি) ও অভিবাসীকে অন্তর্ভূক্তির লক্ষে ৩০ ডিসেম্বরকে ‘অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব দিয়েছেন।তিনি বলেন, ‘ডিসেম্বর মাসে, বিপুল সংখ্যক প্রবাসী এদেশে সফর করেন। দেশের উন্নয়ন যাত্রায় তাদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমরা বিভিন্ন আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করতে পারি।আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।মন্ত্রী বলেন, বর্তমানে ১.২ কোটি বাংলাদেশী বিদেশে বাস করছেন এবং তারা বছরে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করছেন। কিন্তু এদের মধ্যে মাত্র ১ শতাংশ থেকে ১.৫ শতাংশ দক্ষ জনশক্তি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘যদি আমরা দক্ষ কর্মীদের সংখ্যা বাড়িয়ে ২০ শতাংশে উন্নীত করতে পারি, তবে খুব সহজেই প্রবাসী আয় বৃদ্ধি পেয়ে বছরে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া সম্ভব।’
মন্ত্রী জানান, প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার প্রতি বছর প্রতিটি উপজেলা থেকে ১ হাজার জনকে বিদেশে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে তিনি বলেন, ‘সরকারের পক্ষে একা এই লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আর এজন্য সরকারের সাথে কাজ করার জন্য আমি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থাসমূহ, এনজিও ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকস্মিক বিমান ভাড়া বৃদ্ধি স্থগিত করার ব্যাপারে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এই বিমানভাড়া বৃদ্ধির কারণে রিক্রুটিং এজেন্সিগুলোকেও বিদেশে কর্মী পাঠানোর জন্য অভিবাসন ব্যয় বাড়াতে হয়েছে।ড. মোমেন এ দেশে বাংলাদেশী প্রবাসীদের জমি, বাড়ি-ঘরসহ সম্পদ রক্ষার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, সরকার আর্থ-কূটনৈতিক নীতি প্যাকেজ হাতে নিয়েছে এবং বিদেশে নতুন শ্রম বাজারের সন্ধান করছে। ইউরোপের রোমানিয়া, সাইবেরিয়া, ইতালি ও গ্রিস এবং আফ্রিকার অনেক দেশে ইতোমধ্যেই চাকরী সুযোগ সৃষ্টি হয়েছে। লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটায় সরকার সেখানেও শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা করছে।
বাংলাদেশ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারিকালে তিনি প্রবাসীদের চাকরীচ্যূত না করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।নদী ভাঙ্গণের কারণে বাংলাদেশে ইতোমধ্যেই ৬৫ লাখ লোক বাস্ত্যুচ্যূত হয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ঢাকা জলবায়ু উদ্বাস্তুদের ইস্যুটি সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আবেদন জানিয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ আলোচনার সভার সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন স্বাগত বক্তব্য রাখেন।