দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন আজ সেদেশের রাষ্ট্রপতি মুন জা-ইন এর নিকট পরিচয় পত্র পেশ করেছেন।তিনি আজ ৪ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন-ব্লু হাউজে এই পরিচয় পত্র পেশ করেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কোরিয়ান রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানের পর অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।বৈঠকে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে কোরিয়ান কোম্পানীগুলোর উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অনত্যম উন্নয়ন সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে।তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের প্রেক্ষিতে বাংলাদেশ পারস্পরিক সুবিধা অর্জনে দক্ষিণ কোরিয়ার সাথে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী।তিনি ২০২৩ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করেন। তিনি দ্বিপাক্ষিক সুসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে এবং দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ উপলক্ষ্যকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। এ অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়া সরকারের সাথে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।কোরিয়ান রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

You might also like