দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ চার দিনের সরকারি সফরে দক্ষিণ সুদানে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আশা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মালদ্বীপ থেকে দক্ষিণ সুদানে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এর আগে তিনি মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে ব্যস্ত সময় কাটান।শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সুদানের জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল ও সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য বাংলাদেশী ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।সেনাবাহিনী প্রধান দেশটি সফরকালে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি সেখানকার সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি জুবা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।