ন্যাপের সমাবেশ,বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনে যুদ্ধের অবসান প্রয়োজন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির জন্য মার্কিন সাম্রাজ্যবাদ, পশ্চিমাদের একচেটিয়া পুঁজি ও ন্যাটোর সম্প্রসারণবাদী ভূমিকা দায়ী। কোন সামরিক অভিযান সমর্থন যোগ্য নয় বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান প্রয়োজন।১৯৯১ প্রতিশ্রুতি দেয়া হয়েছিল জার্মানের এলবে নদীর পরে ন্যাটো সম্প্রসারিত হবে না। পোল্যান্ডকে ন্যাটোর সদস্য করা হবে না । ওয়ারশ চুক্তি বাতিলের পরে পূর্ব ইউরোপে ন্যাটো থাকবে না। পশ্চিমা যুদ্ধ জোট ন্যাটো কোন প্রতিশ্রুতিই রক্ষা করেনি। বরং ইউক্রেনকে দিয়ে রাশিয়ার সীমান্তে ন্যাটোর সম্প্রসারণের পথ উন্মুক্ত করার প্রচেষ্টা গ্রহণ করেছে।

আজ ৫ মার্চ’২২ শনিবার সকাল সাড়ে ১১টায় শাহবাগ চত্বরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।বক্তারা আরো বলেন, ১৯৪৫ সাল থেকে মার্কিন সম্রাজ্যবাদ শতাধিক দেশ আক্রমণ করেছে। এখনো ১৩০টি দেশে ৭৫০টি ঘাটি রয়েছে। এদের মদদে ইউক্রেনে নয়া নাৎসিদের আবির্ভাব হয়েছে। নয়া নাৎসিদের আবরণে গঠিত অ্যাজভ বাহিনীর বিরুদ্বে মানবাধিকার লঙ্ঘনের অজস্র অভিযোগে রয়েছে। ২০১৬ সালে মার্কিন কংগ্রেসে দাবি উঠেছিল এই বাহিনীকে ‘বিদেশি সন্ত্রাসবাদী শক্তি’ হিসেবে চিহ্নিত করতে হবে। ইউক্রেন সরকারের মদদে গোটা ইউরোপে নয়া নাৎসিদের সামরিক প্রশিক্ষণের কাঠামো গড়ে উঠেছে। এই যুদ্ধবাজদের বিরুদ্ধে বিশ্ব শান্তির আন্দোলন জোরদার করা জরুরী।সমাবেশে বক্তারা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও এলপিজির বাড়তি দামের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।ন্যাপ সভাপতি প্রবীণ জননেতা এডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ন্যাপের সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, ন্যাপের কেন্দ্রীয় নেতা এডভোকেট এম এ ওহাব, প্রিন্সিপাল রুহুল আমিন, এডভোকেট মোস্তাকুর রহমান ফুল মিয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এস কমরুন, সাইফুল আলম মামুন, অ্যাডভোকেট এমএ মালেক, আবিদ হোসেন রিজভী, সৈয়দ গোলাম নবী মিঠু, মাহবুব আলম প্রমুখ।

You might also like