কেনিয়ায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

কেনিয়ায়: কেনিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। গত রবিবার, ১৩ মার্চ ২০২২, এ উপলক্ষ্যে মিশন চত্বরে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কণের আয়োজন করা হয়। তিন থেকে পনের বছর বয়সী উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোর তিনটি বয়স গ্রুপে বিভক্ত হয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর এই চিত্রাঙ্কনে অংশ নেয়। এছাড়াও, স্থানীয় স্বনামধন্য বিদ্যায়তন পটারহাউস স্কুল এর সাথে যৌথ আয়োজনে স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ রচনা করে।

১৭ মার্চ ২০২২ সকালে মিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার তারেক মোহাম্মদ। মিশনের সব কর্মকর্তা-কর্মচারি এসময় উপস্থিত ছিলেন। এরপর, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাই কমিশনার। এ দিবস উপলক্ষ্যে প্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।১৭ মার্চ ২০২২ সন্ধ্যায় মিশনে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং চিত্রাঙ্কণ ও প্রবন্ধ লিখনের পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও বিদেশি শিশু-কিশোরদের কল-কাকলীতে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারী প্রত্যেক শিশু-কিশোরকে পুরষ্কার প্রদান করা হয়। এরপর, বঙ্গবন্ধুকে নিয়ে শিশু-কিশোরদের বক্তৃতার মাধ্যমে পুরস্কার বিতরণী পর্ব শেষ হয়।

হাই কমিশনার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে চলমান মুজিব বর্ষ ও সদ্যসমাপ্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাঙ্গালির স্বার্থ ও অধিকার রক্ষায় বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, অনবদ্য অবদান ও অসীম ত্যাগ তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। জাতিসংঘের শিশু সনদ ঘোষণার অনেক আগেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর শিশু স্বার্থ সংরক্ষণের জন্যে শিশু আইন প্রণয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধু সব সময়েই ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। উন্নয়নের এই অভিযাত্রায় স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।

You might also like