ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল শুক্রবার পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) পালিত হয়।ধর্মপ্রাণ মুসলমানরা করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ-মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতে গিয়ে এবং অনেকেই নিজের বাসা-বাড়িতে থেকেই মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগী’ শুরু করেন। এরপর রাতভর জিকির-আজগার, কোরআন তেলাওয়াত ও নফল নামাজ আদায়ের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করেন। আবার অনেকেই গোরস্থানগুলোতে গিয়ে নিজ-নিজ বাবা-মা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন।মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন।অপরদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ-মাগরিব ও এশা এবং একইদিন দিবাগত রাত ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে বরাত’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You might also like