রোজায় ৬ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশনের গ্যাস
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে রোজার মাসে দেশের সব সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।নতুন এ সিদ্ধান্তে বলা হয়েছে, রমজানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে। প্রথম রোজা থেকে কার্যকর হবে নতুন এ সময়সীমা।বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী সরকারি এ সিদ্ধান্ত মোতাবেক গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জনসাধারণের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
গ্যাসের উৎপাদন হ্রাস পাওয়ায় এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে গত ১ মার্চ সিএনজি স্টেশন প্রতিদিন ৪ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকছে।এছাড়া পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না এড়াতে নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই দিন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।