আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক ও অমর একুশে গানের রচয়িতা কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।

এক শোক বার্তায় সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম বলেন, ‘প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর অনুপ্রেরণা ও তত্ত্বাবধানে ১৯৯২ সালে যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। তিনি আজীবন যুক্তরাজ্য কমিটির উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির ইউরোপিয়ান সমন্বয়কারী ছিলেন।আবদুল গাফফার চৌধুরীর প্রয়াণে বাঙালী জাতি হারালো এক শ্রেষ্ঠ সন্তানকে, নির্মূল কমিটি যুক্তরাজ্য হারালো এর অভিভাবককে। আমরা তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী ১৯ মে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, শুক্রবার বাদ জুম্মা ব্রিকলেন জামে মসজিদে তাঁর জানাজার নামাজে অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদ জুম্মাহ আলতাব আলী পার্কে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আনা হবে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ। পরবর্তীতে বাংলাদেশে বনানী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে ।১৯৩৪ সালে বরিশালে জন্ম গ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে আসেন। এরপর এখানেই স্থায়ী হন।পেশাগত কাজে সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।

You might also like