দুই বছর পর ঢাকা থেকে কলকাতার উদ্দেশে গেল মৈত্রী এক্সপ্রেস
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় যাবত বন্ধ ছিল ঢাকা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। অবশেষে রবিবার (২৯ মে) থেকে ফের এই রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।এদিন ‘মৈত্রী এক্সপ্রেস’ রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্য ছেড়ে যায়। রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে। আয়োজনটির উদ্বোধন করেন- রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
যাত্রীবাহী ট্রেনটিতে বর্তমানে ৪৫৬টি আসন রয়েছে। যার মধ্যে ১৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। আর একজন ইন্দোনেশিয়ান নাগরিক।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার জানিয়েছেন, ট্রেনটি এখন থেকে সপ্তাহে পাঁচদিন ঢাকা-কলকাতা রুটে চলাচল করবে।তিনি আরও বলেন, দেশে কোভিডের সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ থেকে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এর এক বছর পর মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করা হয়। পরে পবিত্র ইদুল ফিতরের আগে আকাশ ও সড়কপথে পুরো দমে যাতায়াত চালু হলেও ঝুলে ছিল এই রেল যোগাযোগ।
রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন, প্রথম দিনে মৈত্রী এক্সপ্রেসের যাত্রী সংখ্যা ছিল অর্ধেকেরও কম। কিন্তু ট্রেনে চেপে ভারতে যেতে পারায় আনন্দিত যাত্রীরা।ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ম্যানেজার লিটন চন্দ্র দে গণমাধ্যমকে বলেছেন, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সকাল আটটা ১৫ মিনিটে ট্রেনটি কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। বিকাল চারটায় এটি কলকাতা স্টেশনে পৌঁছাবে। এরপর সোমবার (৩০ মে) আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে বিকাল চারটায় ট্রেনটি ঢাকা ফিরে আসবে।তিনি আরও বলেন, পূজা, ইদের ছুটি এবং শীতকালে ট্রেনের সব আসনে যাত্রী থাকে। আর বছরের অন্যান্য সময় গড়ে ৩০০ আসনে যাত্রী চলাচল করে। এখন করোনা পরবর্তী সময়ে ট্রেনটি চালু হয়েছে। তাই যাত্রী কিছুটা কম। তবে এটা ক্রমান্বয়ে বাড়বে।