সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে শিক্ষাখাতকে-পরিকল্পনামন্ত্রী
সত্যবাণী
সিলেট অফিসঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন সব করছি আমরা।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ৪তলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আ’লীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। দেশের মানুষ এখন এই সরকারকে বিশ্বাস ও আস্থার প্রতীক মনে করে। এই সরকার কোন ভেদাভেদ সমর্থন করেনা। সরকার সবার জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে আসছে; যার জন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষ শান্তিতে বসবাস করছেন। দেশের সার্বিক উন্নয়নে এই সরকারের বিকল্প নেই৷ আর এসব কিছুর অগ্রসৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি আমরা৷ তাই শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল হক প্রমুখ।
এরআগে সকাল ১০টায় আরএইচডি-শত্রুমর্দন অগ্রণী ফার্ম সড়ক চেইনেজ ৯৩০ মিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।