ইসি গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য ১৩ জনের নাম প্রস্তুত করেছে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি। এরমধ্যে ৫ জনকে নির্বাচন করবেন রাষ্ট্রপতি।রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে এ তালিকা করা হয়।এদিন বিকাল ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
এতে সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব।