ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে ফেরার জন্য ট্রাভেল পাস (ভ্রমণ অনুমতিপত্র) পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি এই পাস হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জাইমা রহমান।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাইমা লিখেছেন,আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।জানা গেছে, গত বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য লন্ডনে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছিলেন তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে সপরিবারে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমান বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন।তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।এর আগে বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান,বিশেষ কোনো চার্টার্ড ফ্লাইট নয়,বরং নিয়মিত এয়ারলাইনসে সাধারণ যাত্রীদের সঙ্গেই ফিরছেন তাঁদের নেতা। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।