ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৫৬ জন ভর্তি হয়েছেন।এই সময়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে টানা তিন দিন কোন মৃত্যু হয়নি।এর আগে গত ১৭ আগস্ট সবশেষ একজনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৯১ জন।এর আগের মাস জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৭১ জন।বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন করে রোগী ভর্তি রয়েছেন।

You might also like