ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. আজিজুর রহমানের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আজিজুর রহমান ধানমন্ডি-৩২ এ সাধারণ জণগণের হাতে আটক হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। অপরদিকে আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।উল্লেখ্য,গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান।পরে তাকে সেখান থেকে আটক করে পুলিশ।এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

You might also like