পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা ভবন বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভার্চুয়ালি এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ উপলক্ষে জানিয়েছেন, নতুন ভবনে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, উইং ও শাখার জন্য স্থান সংকুলানের চাহিদা অনেকাংশে পূরণ হবে এবং আধুনিক সুবিধাবিশিষ্ট কর্মপরিবেশ নিশ্চিত করা যাবে।জানা যায়, সরকারের গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর আটতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চার বছরে এজন্য ব্যয় হয় ৭৭ কোটি টাকা। ভবনটির বেসমেন্টে ২৪টি গাড়ি পার্কিং সুবিধা, রিজার্ভার ও দুটি স্টোররুম রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার মন্ত্রণালয়ের নতুন এই ভবন পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) মোহাম্মদ হজরত আলী খান, মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।কূটনীতিতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠানে দুই কূটনীতিককে এই পদক প্রদান করবেন।