মিরপুর মুক্ত দিবসের আলোচনায় নির্মূল কমিটির আহ্বান:বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে হলে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ১৯৭২-এর ৩০-৩১ জানুয়ারি মিরপুরের যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য প্রতি বছর ৩১ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মিরপুর মুক্ত দিবস পালন করে। করোনা মহামারীর কারণে এ বছর মিরপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জনসমাবেশ ও র‌্যালির পরিবর্তে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।আজ ৩১ জানুয়ারি (২০২১) বিকেল ৩টায় মিরপুর মুক্ত দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আয়োজিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন মিরপুরের জননেতা মাননীয় শিল্প প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেছেন ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিন্টু এমপি, মিরপুরে শহীদ সাংবাদিক আবু তালেবের পুত্র খন্দকার আবুল আহসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড-এর কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তরের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ‘মিরপুরের ১০টি বধ্যভূমি’ গ্রন্থের প্রণেতা সাংবাদিক মিরাজ মিজু, ‘কল্যাণপুর গণহত্যা’ গ্রন্থের লেখক আলী আকবর টাবী, আমরা নতুন প্রজন্ম-এর সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম কিরণ ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

৫০ বছর আগে মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর মুক্ত করার যুদ্ধে বরেণ্য চিত্রনির্মাতা ও কথাশিল্পী জহির রায়হান, লে. সেলিম ও পুলিশের ডিএসপি লোধী সহ যে সব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের মহান আত্মদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘’৭১-এর ১৬ ডিসেম্বরের পর পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের যে সব সদস্য আত্মসমর্পণ না করে অবাঙালি অধ্যুষিত মিরপুরে অবস্থান নিয়েছিল তাদের দখল থেকে মিরপুর মুক্ত করতে গিয়েই জহির রায়হান সহ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, রাজাকার, আলবদর প্রভৃতি ঘাতকদের দল ও বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে আত্মগোপনে থেকে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অন্তর্ঘাতে লিপ্ত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বপ্রদানকারী তার সহযোগীরা ১৯৭২-এ প্রণীত বাংলাদেশে সংবিধানে তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং ’৭১-এর ঘাতক দালালদের বিচার আরম্ভ করেছিলেন, যা ১৯৭৫-এ বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার নৃশংস হত্যাকাণ্ডের পর বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সামরিক ফরমানের দ্বারা বন্ধ করে দিয়েছিলেন। নির্মূল কমিটির দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের কারণে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছেন, সংবিধানের বিলুপ্ত মূলনীতিসমূহ পুনঃস্থাপন করেছেন কিন্তু ধর্মের নামে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা সংবিধানে এখনও পুনস্থাপিত হয়নি। যার কারণে ’৭১-এর গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধীরা এখনও রাজনীতিতে সক্রিয় থেকে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস, নির্যাতন অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে হলে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে মিরপুরের দখলিকৃত বধ্যভূমিগুলো পুনরুদ্ধার করে সে সব জায়গায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। ’৭১-এর গণহত্যাকারীদের বিভিন্ন সংগঠনসহ পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত আরম্ভ করতে হবে। বিভিন্ন মাধ্যমের পাঠ্যপুস্তকে ’৭১-এর গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। রাজনীতি,অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন থাকতে হবে।তবেই আমরা বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে পারব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিল্প প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেন, ‘এখনও রাজাকার-আলবদর বাহিনীর দাপট কমে নাই।একাত্তরের পরাজিত শত্রুরা দেশে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানারকমভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। বর্তমানে এই বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে।এরপর শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু চার মূলনীতির ভিত্তিতে দেশকে স্বাধীন করেছেন এবং সংবিধান প্রণয়ন করেছেন। কিন্তু জিয়াউর রহমান সেই সংবিধানকে শুধু ক্ষত বিক্ষত করে নাই বরং ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে। এজন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি।’

মিরপুরে বুদ্ধিজীবী হত্যা প্রসঙ্গে তিনি বলেন,একটি কমিটি গঠন করে মিরপুরে হত্যা করা বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করে তাদের হত্যার বিচার করতে হবে। আমি মিরপুরের নাম ‘শহীদ বুদ্ধিজীবী নগর’ করার প্রস্তাব করছি।এ বিষয়ে আমি সংসদেও কথা বলেছি। মিরপুরের দখলকৃত বধ্যভূমিগুলো অবশ্যই উদ্ধার করে সংরক্ষণ করা উচিত। আমি মিরপুরের বিভিন্ন বধ্যভূমিগুলোকে সংরক্ষণের বিষয়ে আমি সর্বোতভাবে সহযোগিতা করব। শহীদ বুদ্ধিজীবীদের নামে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করতে হবে। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত কর

তিনি আরও বলেন,সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরীর ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে আমাদের জনমত তৈরি করতে হবে।মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্যদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বসতে হবে। নির্মূল কমিটির বিভিন্ন দাবির সমর্থনে আমি দরকার হলে আপনাদের সাথে রাস্তায় নামব। আমার এলাকার বিভিন্ন মোড়ে বুদ্ধিজীবীদের নামফলক তৈরি করব।মুক্তিযোদ্ধা,সাধারণ নাগরিক, বুদ্ধিজীবীদের রক্তে আমাদের এই বাংলাদেশ অর্জিত।মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ভবিষ্যত প্রজন্মের নিকট যথাযথভাবে তুলে ধরতে হবে।

ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিন্টু এমপি বলেন,আমি ১৯৭২ সালের ২৯ জানুয়ারি মিরপুরকে মুক্ত করার জন্য সম্মুখ সমরে অংশ নিই।মিরপুরে রাজাকার,আলবদরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়ে গিয়ে হত্যা করে। আমরা তিনটি গ্রুপ মিলে মিরপুরকে হানাদার মুক্ত করার জন্য একসঙ্গে লড়াই করি। ’৭১-এর ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণের পর জল্লাদরা বিহারীদের সঙ্গে মিরপুরে গিয়ে আশ্রয় নেয়।সেখানে পাকিস্তানি সেনাবাহিনীরাও যুক্ত হয়ে যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের হত্যা আরম্ভ করলে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ২৯ জানুয়ারি পাক হানাদার, রাজাকার, আলবদর ও বিহারীদের প্রতিহত করে মিরপুর মুক্ত করি।আমাদের সকলের দাবি মিরপুরের নাম পরিবর্তন করে ‘শহীদ বুদ্ধিজীবী নগর’ রাখা হোক এবং প্রধান সড়কগুলো শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হোক।

মিরপুরে শহীদ সাংবাদিক আবু তালেবের পুত্র খন্দকার আবুল আহসান বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ মিরপুরে সর্বপ্রথম পাক হানাদাররা হত্যাযজ্ঞ চালায়।রাজাকার আলবদরদের ও পাকিস্তানী সেনাবাহিনীদেরকে বিহারীরা সাহায্য ও সহযোগিতা করার কারণে তারা এতবড় হত্যাযজ্ঞ চালানোর সাহস পায়। রাজাকার, আলবদররা বাংলার মানুষের হাজার হাজার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে।আমাদের দাবি তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে আর্থিকভাবে অসচ্ছল শহীদ পরিবারের মধ্যে তা বিতরণ করতে হবে।আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাতে চাই,আমার পিতা শহীদ সাংবাদিক খন্দকার আবু তালেব একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।কিন্তু তার নামে মিরপুরে তেমন কোন সড়ক বা স্থাপনার নামকরণ করা হয়নি এবং তাঁর স্মৃতি রক্ষায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাঁর নামে যে একটি বিদ্যালয় রয়েছে তাও তাঁর নামকরণে ভুল রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড-এর কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তরের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বলেন,মিরপুরে আত্মগোপনকারী হানাদাররা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিহারীদের সঙ্গে নিয়ে যখন একের পর এক মুক্তিযোদ্ধাদের হত্যা আরম্ভ করল তখন এম.এ.জে ওসমানী খালেদ মোশারফকে দায়িত্ব দেন মিরপুরকে মুক্ত করার জন্য।এরপর ৩১ জানুয়ারি ১৯৭২ মিরপুর হানাদার মুক্ত হয়।

‘মিরপুরের ১০টি বধ্যভূমি’ গ্রন্থের প্রণেতা সাংবাদিক মিরাজ মিজু বলেন, ‘পাকিস্তানীরা যখন তথ্য সন্ত্রাসের মাধ্যমে সারাবিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছিল একথা বলে যে, ‘বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, আমরা এসেছি তা সামাল দেয়ার জন্য’ তখন এর বিপরীতে জহির রায়হান ‘স্টপ জেনোসাইড’ নামে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বিশ্বের নিকট বাংলাদেশে সংঘটিত গণহত্যার নৃশংসতা তুলে ধরেন। জহির রায়হান তাঁর ভাইকে মিরপুরে খুঁজতে গিয়ে আর ফেরেননি। বিহারীরা তাঁকে হত্যা করে। ৩১ জানুয়ারি ১৯৭২ মিরপুর হানাদার মুক্ত হয়। কিন্তু আমাদের দেশে এখনো তাদের বংশধররা সক্রিয় রয়েছে।’

‘কল্যাণপুর গণহত্যা’ গ্রন্থের লেখক আলী আকবর টাবী বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের অনেক পূর্বেই পাক হানাদার বাহিনী মিরপুরে গণহত্যা আরম্ভ করে। ’৭০-এর নির্বাচনে গোলাম আযম পরাজিত হওয়ার কারণ হিসেবে বাঙালিদের দায়ী করে যার কারণে গোলাম আযম, কাদের মির্জার নেতৃত্বে রাজাকার-বিহারীরা একযোগে মিরপুরে গণহত্যা চালায়।’

আমরা নতুন প্রজন্ম-এর সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম কিরণ বলেন, ‘মুক্তিযুদ্ধে মিরপুরের মানুষের যে আত্মত্যাগ তা অসামান্য। দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের মিরপুরে হত্যা করা হয়েছে। এর স্বীকৃতি স্বরূপ মিরপুরকে ‘শহীদ বুদ্ধিজীবী নগর’ হিসেবে গড়ে তুলতে হবে। এখানকার প্রতিটি রাস্তা মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের নামে নামকরণ করতে হবে। বধ্যভূমিগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নতুন প্রজন্ম যেন বুঝতে পারে মুক্তিযুদ্ধে এ নগর কতটা ভয়াবহতার শিকার হয়েছিল।নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণদের মাঝে পৌঁছে দিতে আমরা নির্মূল পক্ষ থেকে ১৯৯৬ সাল থেকে দেশে বিভিন্ন জায়গায়, মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠা করি। যেন তরুণ প্রজন্মের অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা প্রথিত হয়। আমরা এ কার্যক্রম এখনো চলমান রেখেছি। আমাদের এ কার্যক্রমে আমাদের সকলর সহযোগিতা কামনা করে আজকের সভা শেষ করছি।আজ সকাল ১০ টায় জল্লাদখানা বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মিরপুরের শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আরম্ভ হয়।

You might also like