সাঈদীর মামলার বাদীর লাশ দাফনে বাধা, ঘণ্টার পর ঘণ্টা পড়েছিল মুক্তিযোদ্ধার লাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

পিরোজপুরঃ পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার অন্যতম বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ ৪ ঘন্টা পরে গোপনে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে নিজ এলাকায় মরদেহ দাফনে বাধা দিচ্ছেন স্থানীয় জামায়াতের নেতারা।শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আসলে তাকে গার্ড অব অনার এবং পিরোজপুরে কবর দিতে বাধা দেন জামায়াতের নেতারা।পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসে গোপনে গার্ড অব ওনার দেওয়া হয়।মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।

মানিক পশারীর পরিবার জানায়,২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন।তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে জামাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন।গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।শনিবার সকাল দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করেন তিনি।এরপর মরদেহ পিরোজপুরে আনা হলে দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অফ অনার-এর আয়োজন করা হয়।এসময় বাধা দেন স্থানীয় জামায়াতের নেতারা।

তিনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা।পরে পুলিশ তাকে গোপনে পুলিশ লাইনস-এর ভিতরে গোপনে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।মানিক পশারীর মেয়ে জামাই ফারুক হোসেন জানান,সকাল দশটায় উনি মারা গেছেন,দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) এর কাছে আসি।উনি আমাদের গার্ড অফ অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত আমাদের দাঁড় করিয়ে রাখেন।উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন।একটি সাধারণ এম্বুলেন্সে,কোনো বরফ চা পাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা পরে গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে।আমরা কীভাবে মরদেহ দাফন করব,তার কোনো দায়িত্ব নেয়নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।মরদেহ দাফন নিয়ে আমরা খুব চিন্তিত।পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান,মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব ওনার দিতে দেওয়া হবে না।পিরোজপুরের মাটিতে মানিক পশরীর মরদেহ দাফন দিতে দেওয়া হবে না।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন,রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহ গার্ড অব অনার দেওয়া হয়েছে।

You might also like