হবিগঞ্জের আলোকবর্তিকা বৃন্দাবন চন্দ্র দাস বৃন্দাবন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা,এক মহান শিক্ষানুরাগীর কীর্তিগাথা

সংগ্রাম দত্ত: হবিগঞ্জ জেলার ইতিহাসে শিক্ষা ও সমাজসেবার আলো ছড়িয়ে যাওয়া এক অনন্য নাম বৃন্দাবন চন্দ্র দাস।শিক্ষা বিস্তারে তাঁর অবদান শুধু একটি কলেজ প্রতিষ্ঠাতেই সীমাবদ্ধ নয়; বরং তিনি প্রমাণ করেছিলেন, একক কোনো দানশীল মানুষের অকৃত্রিম উদ্যোগও একটি অঞ্চলকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। হবিগঞ্জের প্রাণকেন্দ্রে যে বৃন্দাবন সরকারি কলেজ আজ হাজারো শিক্ষার্থীর জ্ঞানার্জনের আঁতুড়ঘর, তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই মহান শিক্ষানুরাগী।

শৈশব ও পরিবার:

১৮৫০ সালের ভাদ্র মাসে বৃন্দাবন চন্দ্র দাস জন্মগ্রহণ করেন হবিগঞ্জ মহকুমার বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামে। তাঁর পিতা বিষ্ণু চন্দ্র দাস ছিলেন একজন দরিদ্র কৃষক এবং মা মহামায়া দাস ছিলেন ধর্মপ্রাণ গৃহিণী। বৃন্দাবন ছিলেন তাঁদের একমাত্র সন্তান। শৈশবে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে বেড়ে ওঠা এই ছেলেটি হয়তো কল্পনাও করেননি, একদিন তাঁর নাম হবিগঞ্জ তথা সিলেটের ইতিহাসে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে লিপিবদ্ধ হবে।শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ ছিলেন। তবে জ্ঞানের মূল্য ও শিক্ষার অপরিহার্যতা তিনি উপলব্ধি করেছিলেন জীবনের অভিজ্ঞতা থেকেই। পরবর্তীতে জমিদারি, মহাজনী, ব্যবসা ও মিরাশদারির মাধ্যমে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলেও তিনি সাধারণ জীবনযাপন, সততা ও মিতব্যয়িতার প্রতীক হিসেবেই পরিচিত ছিলেন।

সহজ-সরল অথচ অসাধারণ জীবন:

বৃন্দাবন চন্দ্র দাস ছিলেন জমিদার, কিন্তু অন্যান্য জমিদারদের মতো অত্যাচারী, ভোগ-বিলাসী কিংবা প্রজা-শোষক ছিলেন না। বরং তিনি সাধারণ কৃষকের সন্তান হিসেবেই জীবন কাটিয়েছেন। প্রজাদের কষ্ট লাঘব, গরিবদের সাহায্য এবং জনসেবামূলক কাজে তিনি ছিলেন সদা তৎপর।ব্রিটিশ সরকার তাঁকে চৌধুরী, রায় সাহেব কিংবা ব্যাংকার্স উপাধি দিলেও তিনি কখনো নিজের নামের সঙ্গে এসব উপাধি যুক্ত করেননি। তাঁর বিশ্বাস ছিল—মানুষের পরিচয় তার কর্মেই। এই বিনম্রতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।আর্থিকভাবেও তিনি ছিলেন প্রভাবশালী। ক্রয়কৃত জমির মাধ্যমে তিনি ৫৬টি তালুকের মালিক হন। পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগে কলকাতার বিখ্যাত চিত্তরঞ্জন কটন মিলস ও অল ইন্ডিয়া সুগার মিলস লিমিটেড-এর শেয়ারহোল্ডার ছিলেন।

বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠার ইতিহাস:

১৯১৩ সালে হবিগঞ্জ শহরের মনোহর বাজার এলাকায় (বর্তমান কলেজ কোয়ার্টার) কয়েকজন অগ্রণী ব্যক্তি একচালা বাঁশের ঘর ও একটি ছোট পাকা কক্ষে ‘হবিগঞ্জ কলেজ’ প্রতিষ্ঠা করেন। কিন্তু আর্থিক সংকটে পড়ে দ্রুতই এর কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পেতে হলে অন্তত ১০ হাজার রুপি তহবিল থাকা বাধ্যতামূলক ছিল।এই সময় কলেজ পরিচালনা কমিটির আহ্বানেও এলাকার কোনো ধনী ব্যক্তি সাড়া দেননি। তখন কমিটির সদস্য বাবু গিরীন্দ্র নন্দন চৌধুরী ও বাবু নদীয়া চন্দ্র দাস পুরাকায়স্থ বৃন্দাবন চন্দ্র দাসের শরণাপন্ন হন। মায়ের অনুমতি নিয়ে বৃন্দাবন চন্দ্র দাস এগিয়ে আসেন। দান করেন ১০ হাজার রুপি এবং প্রায় ১৪-১৫ হাল জমি।এই মহান দানের কারণেই কলেজটি টিকে যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। বৃন্দাবন চেয়েছিলেন কলেজটির নাম হোক তাঁর মায়ের নামে। কিন্তু মায়ের ইচ্ছাতেই পরবর্তীতে কলেজটির নামকরণ হয় প্রতিষ্ঠাতার নাম অনুসারে—বৃন্দাবন কলেজ। তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশে শিলং, গৌহাটি ও সিলেটে কেবল তিনটি কলেজ ছিল। বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠার পর এটি চতুর্থ কলেজ হিসেবে গুরুত্ব লাভ করে। বৃন্দাবন দাসের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে ১৯৩১ সালে তৎকালীন হবিগঞ্জ মহকুমায় স্থাপিত সেই কলেজটি আজ সিলেট বিভাগ তথা দেশের মধ্যে একটি স্বনামধন্য কলেজ এ পরিণত হয়েছে ।

বৃন্দাবন কলেজ থেকে বৃন্দাবন সরকারি কলেজ:

কলকাতা রিপন কলেজের দর্শনের অধ্যাপক শ্রী বিপিন বিহারী দে প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। শুরুতে শুধু মানবিক বিভাগ চালু হয়। ১৯৩৩ সালে প্রথম আই.এ. পরীক্ষার্থীরা সিলেট এম.সি. কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হন। এর পরের বছর থেকেই বৃন্দাবন কলেজে নিজস্ব পরীক্ষা কেন্দ্র চালু হয়।ক্রমশ কলেজের বিস্তার ঘটে—১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে বিএ (পাস), ১৯৪০-৪১ শিক্ষাবর্ষে কয়েকটি বিষয়ে অনার্স চালু হয়।১৯৭৯ সালের ৭ মে তৎকালীন সরকার কলেজটিকে জাতীয়করণ করে নামকরণ করে বৃন্দাবন সরকারি কলেজ। পরবর্তীতে ১৯৯৮ সালে অনার্স কোর্স পুনরায় চালু হয় এবং ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে এই কলেজ উচ্চ মাধ্যমিক, স্নাতক, অনার্স ও মাস্টার্সসহ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

আজ এটি শুধু হবিগঞ্জ নয়, সিলেট বিভাগের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত।

শেষ প্রস্থান:

১৯৩২ সালের ৪ঠা সেপ্টেম্বর এই মহান শিক্ষানুরাগী পরলোকগমন করেন। তবে রেখে যান এক আলোকিত উত্তরাধিকার—বৃন্দাবন সরকারি কলেজ। তাঁর বিনয়, মানবপ্রেম ও শিক্ষানুরাগ আজও হবিগঞ্জবাসীর হৃদয়ে দীপ্তমান।

উপসংহার:

বৃন্দাবন চন্দ্র দাস প্রমাণ করেছেন—শিক্ষা বিস্তারে ব্যক্তিগত উদ্যোগ একটি সমাজকে বদলে দিতে পারে। তিনি ছিলেন সাধারণ কৃষকের সন্তান, কিন্তু স্বপ্ন দেখেছিলেন অসংখ্য তরুণ-তরুণীর শিক্ষার। তাঁর সেই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে—বৃন্দাবন সরকারি কলেজের প্রতিটি ইট-কাঠ-পাথরে বহন করছে তাঁর ত্যাগ, দান ও দূরদৃষ্টির সাক্ষর।হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের ইতিহাসে বৃন্দাবন চন্দ্র দাস শুধু একজন জমিদার বা সমাজসেবক নন, তিনি এক অনন্ত আলোকবর্তিকা।

You might also like