ব্রিটিশ মূলধারায় প্রতিষ্ঠিত প্রজন্মকে বাংলাদেশী রাজনীতির উর্ধ্বে রাখার আহবান ফয়সল চৌধুরীর
বাংলাদেশী রাজনীতির বিভাজনের শিকার নয়, ব্রিটেনের মূলধারায় প্রতিষ্ঠিত বাংলাদেশী বংশোদ্ভূত প্রজন্ম হোক আমাদের সবার অহংকার
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর, সত্যবাণী
লন্ডন: স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী ব্রিটিশ মূলধারার রাজনীতিসহ বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত বাংলাদেশী বংশোদ্ভূতদের বাংলাদেশী রাজনীতির সকল বিতর্কের উর্ধ্বে রাখার আহবান জানিয়েছেন।
রবিবার স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এক আবেগঘন বক্তব্যে এই আহবান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির বিভাজনকে পুঁজি করে ব্রিটেনের মূলধারার রাজনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রতিষ্ঠিত আমাদের বর্তমান প্রজন্মকে বিতর্কিত করার যে অপচেষ্টা চলছে, তা শুধু হতাশাজনকই নয়, গভীরভাবে অগ্রহণযোগ্য। যারা প্রবাসে সংগ্রাম করে নিজেদের মেধা, সততা ও পরিশ্রমে এক নতুন পরিচয় নির্মাণ করেছে, তাদের অর্জনকে দেশের রাজনৈতিক টানাপোড়েনের রঙে রাঙানোর চেষ্টা আত্মঘাতী।
তিনি আরও বলেন, ভারতীয় ও পাকিস্তানী কমিউনিটি অত্যন্ত সচেতনভাবে তাদের সন্তানদের নিজ দেশের রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখে, যাতে তারা ব্রিটিশ মূলধারায় দৃঢ়, সম্মানিত ও নিরপেক্ষ অবস্থান গড়ে তুলতে পারে। আমাদেরও সেই প্রজ্ঞা ও দায়িত্ববোধ অর্জন করতে হবে।

ফয়সাল আহ্বান জানান—প্রবাসে বেড়ে ওঠা আমাদের গর্বিত প্রজন্মকে সংকীর্ণতার বলয়ে বন্দি না করে, বরং ঐক্যের শক্তিতে তাদের এগিয়ে যেতে দিতে হবে। বিভাজনের রাজনীতি নয়, সেতুবন্ধনের দর্শনই হোক আমাদের পথচলার প্রেরণা। ব্রিটেনের মূলধারায় প্রতিষ্ঠিত বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ প্রজন্ম হোক আমাদের সবার অহংকার—সব বিতর্কের ঊর্ধ্বে, সব কৃত্রিম বিভাজনের বাইরে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি শাহেদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মঞ্চে উঠার পর ফয়সল চৌধুরী এমপি কে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গেষ্ট অব অনার এওয়ার্ড প্রধান করা হয়। ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য, সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লন্ডন বারা অব রেডব্রিজের বার্কিংসাইড ওয়ার্ডের লেবার দলীয় প্রার্থী সৈয়দা ফেরদৌসি পাশা সংগঠনের সভাপতি সাহেদ রহমান ও অন্যান্যদের সাথে নিয়ে ফয়সাল চৌধুরীর হাতে এই এওয়ার্ড তুলে দেন।