সাফল্যের আলোয় ঋণ শোধের প্রয়াস: বার্লিনে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড
বার্লিন করেসপন্ডেন্ট
সত্যবাণী
বার্লিন: সাফল্য উদযাপন শুধু সফল মানুষকে সম্মানিত করার আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁদের অর্জনের আলোয় নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো এবং আরও সাফল্যের পথে উৎসাহিত করার একটি সামাজিক প্রয়াস। সেই লক্ষ্যেই জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড।
সোমবার সন্ধ্যায় বার্লিনের হোটেল মালিয়া বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন ক্ষেত্রে সফল ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১৫ জন বাঙালি ও বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মুহাম্মদ জুলকারনাইনসহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা কাগজের অন্যতম কর্ণধার রিয়াদ আহাদ।
প্রবাসের মাটিতে নিজেদের মেধা, শ্রম, সততা ও সাফল্যের মাধ্যমে যারা ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি বাঙালি কমিউনিটির ভাবমূর্তিও উজ্জ্বল করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন।
তবে অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে দাঁড়ানো জার্মান নাগরিক বারবারা দাশগুপ্তকে সম্মাননা প্রদান। এ সম্মাননা যেন চার দশকেরও বেশি সময় পেরিয়ে একাত্তরের ইতিহাসকে নতুন করে সামনে নিয়ে আসে। বারবারা দাশগুপ্তের সম্মাননা গ্রহণের মুহূর্তে উপস্থিত অনেকের মধ্যেই মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি ফিরে আসে।
উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি বন্ধুদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে বাংলাদেশ সরকার। জার্মানি থেকে এ সম্মাননা পেয়েছিলেন পূর্ব জার্মানির চ্যান্সেলর এরিখ হোনেকার, পশ্চিম জার্মানির চ্যান্সেলর উইলি ব্রান্ট এবং বার্লিনের বাঙালি দম্পতি সুনীল দাশগুপ্ত ও বারবারা দাশগুপ্ত।
বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রয়াত সুনীল দাশগুপ্তকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বারবারা দাশগুপ্তের হাতে সম্মাননা এবং প্রয়াত সুনীল দাশগুপ্তের প্রতি মরণোত্তর শ্রদ্ধা—দুটি আয়োজনই যেন একাত্তরের সেই ঐতিহাসিক ঋণ ও কৃতজ্ঞতার স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া শুধু তাঁদের ব্যক্তিগত অর্জনের মূল্যায়ন নয়; এটি পুরো কমিউনিটির জন্য অনুপ্রেরণার উৎস। একজনের সাফল্য যখন অন্যদের স্বপ্ন দেখতে শেখায়, তখন সেই সাফল্য ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সামাজিক সম্পদে পরিণত হয়।
বাংলা কাগজের কর্ণধার রিয়াদ আহাদ ও আবুল কালাম-এর উদ্যোগের প্রশংসা করে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে পারস্পরিক সংযোগ, স্বীকৃতি ও অনুপ্রেরণার পরিবেশ তৈরি করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে সফল ও অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।