টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হোন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসেঃ জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে ১৬ দিনের কর্মসূচি। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এই আর্ন্তজাতিক প্রচারাভিযানে অংশ নিতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।এই কর্মসূচি চলবে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।১৬ দিনের এই কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর সামাজিক মনোভাবকে চ্যালেঞ্জ জানানো এবং সহিংসতা প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হবে।প্রচারণার অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোয়াইট রিবন ইউকে-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।এ উদ্যোগের মাধ্যমে বাসিন্দাদের ‘হোয়াইট রিবন প্রমিস’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে,যার মূল বার্তা হলো নারীর প্রতি সহিংসতাকে কখনো সমর্থন না করা, অজুহাত না দেওয়া এবং এ বিষয়ে নীরব না থাকা।
কাউন্সিল বারার সকল বাসিন্দাকে হোয়াইট রিবন প্রতিশ্রুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দৈনন্দিন জীবনে আমরা কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি, তা নিয়েও ভাবতে উৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে যৌনতাবাদী মন্তব্য ও ক্ষতিকর আচরণের প্রতিবাদ করা, নারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করা।
আজই অঙ্গীকার করুন:Make the White Ribbon Promise [whiteribbon.org.uk]এবং/অথবা টাওয়ার হ্যামলেটসের মেল অ্যালাইশিপ অঙ্গীকারপত্রে স্বাক্ষর করুন : Male Allyship Form
১৬ দিনের এই প্রচারণার অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা ও কন্যাশিশুর নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।কর্মসূচিগুলোতে গৃহস্থালি নির্যাতন, যৌন সহিংসতা, নারীবিদ্বেষ, অনলাইন ক্ষতি, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রাপ্যতা এবং বহুসংস্থার ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।কাউন্সিল এবং এর অংশীদার সংস্থাগুলোর আয়োজিত কার্যক্রমের পূর্ণাঙ্গ তালিকা ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’-এর ওয়েবপেজে 16 Days of Activism against Gender Based Abuse এ পাওয়া যাবে।
আপনার যদি সহায়তার প্রয়োজন হয়, তাহলে টাওয়ার হ্যামলেটস নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সেবা ডিরেক্টরির এই link এ সেবাসমূহের পূর্ণাঙ্গ তালিকা দেখতে পারেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের এই প্রচারাভিযান সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বেঁচে ফেরা ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদিও এই প্রচারণা ১৬ দিনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আমরা জানি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, গৃহস্থালি নির্যাতন এবং সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় বছরের প্রতিটি দিনই কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন,লোকাল অথরিটি হিসেবে আমরা এমন একটি বারা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ,যেখানে সবাই নিজেকে নিরাপদ, সম্মানিত অনুভব করবে। বাসিন্দা, কমিউনিটি সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান এবং অংশীদারদের সঙ্গে একযোগে কাজের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করতে পারি এবং ক্ষতিগ্রস্তদের জানাতে পারি যে সহায়তা তাদের জন্য রয়েছে। সহিংসতা ও নির্যাতন বন্ধে সবারই ভূমিকা রয়েছে, আর ১৬ দিনের এই কর্মসূচি সেই যৌথ দায়িত্বেরই শক্তিশালী স্মারক।