চ্যাডওয়েল হিথের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল যুক্তরাজ্য আওয়ামী লীগ,স্বাধীন তদন্তের দাবি
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্য আওয়ামী লীগ গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে নাহিদ ইসলামের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় সাংগঠনিকভাবে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।২১ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন মহল থেকে তাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে যা প্রচার করা হচ্ছে,তা তাদের দৃষ্টিতে “উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা”।তারা এই অভিযোগ “দৃঢ়ভাবে প্রত্যাখ্যান” করেছে।বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রতিবাদকারীদের ন্যায়সঙ্গত আদর্শ ও দাবির সঙ্গে নৈতিকভাবে সহমত পোষণ করে। তবে চ্যাডওয়েল হিথে দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি আয়োজন করা হয়নি।
সংগঠনটির দাবি, এই ঘটনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়ার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং প্রকৃত ঘটনা আড়াল করার একটি চেষ্টা মাত্র।সংগঠনটি এই ঘটনার “স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের”জন্য যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।তাদের বক্তব্য,তথ্য ও প্রমাণের ভিত্তিতে বেরিয়ে আসা উচিত এই ঘটনার পেছনে কারা ছিল এবং কারা সহিংসতায় উসকানি দিয়েছে বা জড়িত ছিল।প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।একইসঙ্গে তারা বলেছে,জবাবদিহিতা চাওয়ার নামে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়।প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এতে সহিংসতা, নিপীড়ন এবং সম্পত্তি ও ঐতিহাসিক স্থাপনায় হামলার বিষয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
এসব অভিযোগের দায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নাহিদ ইসলাম ও তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),জামায়াতে ইসলামী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ওপর চাপিয়েছে।এই অভিযোগগুলো যুক্তরাজ্য আওয়ামী লীগের বিবৃতিতে করা হয়েছে।এগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগ শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি বলে বিশ্বাস করে এবং রাজনৈতিক মতপার্থক্যের নামে কোনো ধরনের শারীরিক হামলা,ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না।সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচারণা,গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে স্বাক্ষর করেছেন আলহাজ্ব জালাল উদ্দিন,সভাপতি,যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ।