বিলেতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবস উদযাপন
কমিউনিটি করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন, ২৬ মার্চ: যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। এ উপলক্ষে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় আয়োজিত এই কর্মসূচিতে বিলেতে বসবাসরত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির স্বাধীনতা, মর্যাদা ও আত্মপরিচয়ের সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রবাসে বসবাস করলেও মুক্তিযুদ্ধের সেই ইতিহাস ও চেতনাকে হৃদয়ে ধারণ করে রাখতে হবে এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
তারা বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বহু নারীর আত্মত্যাগে আমরা দেশমাতৃকাকে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করতে পেরেছিলাম। এক সাগর রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছিল বীর বাঙালির স্বাধীন দেশ বাংলাদেশ।

তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কেবল একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। তাই প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার হবে।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়জুর রহমান খান, লোকমান হোসেন, ডক্টর মবিন, দেওয়ান গৌস সুলতান, আবু মুসা হাসান, এম এ মান্নান, মেফতাহুল ইসলাম, হিমাংশু গোস্বামী, ওয়ালিউর রহমান, সৈয়দ গোলাম আলী, শহিদুল ইসলাম বাবলু এবং আমির খান।
বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।