শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে NHS টিকা নেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ ৯ থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত পালিত হচ্ছে ‘দ্য বিগ উইক’ (The Big Week 2026)।এই বিশেষ উদ্যোগের লক্ষ্য হলো,যেসব বাসিন্দা বিনামূল্যে NHS-এর ফ্লু টিকা পাওয়ার যোগ্য,তাঁদের জন্য স্থানীয় ও সহজে যাতায়াতযোগ্য কমিউনিটি কেন্দ্রগুলোতে টিকা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।এই উদ্যোগের আওতায় NHS-এর স্বাস্থ্যকর্মী দল,হাসপাতাল কর্তৃপক্ষ,বিভিন্ন কমিউনিটি গ্রুপ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসঙ্গে কাজ করবে।এর মাধ্যমে যাঁদের স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি প্রয়োজন,তাঁদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়া হবে।অনেকেই ইতোমধ্যে ফ্লুর টিকা নিয়েছেন।তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ টিকা নেওয়া বাকি রেখেছেন। শীতের মৌসুম শুরু হওয়ার আগেই যত বেশি সম্ভব মানুষকে ফ্লু থেকে সুরক্ষিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে NHS। এ লক্ষ্যেই ‘দ্য বিগ উইক’ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কেন ফ্লুর টিকা নেওয়া জরুরি?

শীতকালে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়ে যায়।বিশেষ করে বয়স্ক ব্যক্তি,রোগ প্রতিরোধক্ষমতা কম এমন মানুষ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে ফ্লু গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

‘দ্য বিগ উইক ২০২৬’-এর মূল লক্ষ্য হলো, ফ্লুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা নিশ্চিত করা। ফ্লুর টিকা নেওয়ার মাধ্যমে:

  • ফ্লুতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
  • সংক্রমিত হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে।
  • গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।
  • শীতকালীন সময়ে ব্যক্তি, পরিবার ও বৃহত্তর কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে।

কোভিড-১৯ টিকাও নেওয়ার সুযোগ

এ ছাড়া ৭৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং যেসব শিশু ও প্রাপ্তবয়স্কের রোগ প্রতিরোধক্ষমতা কম (Immunosuppressed), তাঁরাও এখন কোভিড-১৯-এর টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

কোভিড-১৯ টিকার জন্য NHS-এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যাবে।

কোভিড-১৯ টিকা বুকিং: book their COVID-19 vaccinations

সময়মতো ফ্লু ও কোভিড-১৯ টিকা নিয়ে নিজেকে, পরিবারকে এবং কমিউনিটির অন্যদের সুরক্ষিত রাখতে এগিয়ে আসুন। শীতের আগে সুস্থ ও নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

You might also like