দীপু দাস হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভ
হাই কমিশন স্মারকলিপি নেয়নি বলে অভিযোগ: হাইকমিশন বলছে কেউ স্মারকলিপি দিতে আসেনি
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হিন্দু ধর্মাবলম্বী দীপু দাসের রক্ত যেন আজও শুকায়নি। হত্যার পর তার নিথর দেহ আগুনে পুড়িয়ে দেয়ার পাশবিকতা কেবল একটি মানুষকে নয়—পুড়িয়ে দিয়েছে মানবতা, পোড়াচ্ছে বিবেক।
এই বর্বরতার প্রতিবাদে সেকুল্যার বাংলাদেশ মুভমেন্ট ইউকে’র আহ্বানে ২২ ডিসেম্বর, সোমবার দুপুরে লন্ডনের হৃদয়ে, বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। হাতে ছিল প্রতিবাদের প্ল্যাকার্ড, কণ্ঠে ছিল ন্যায়বিচারের দাবি, চোখে ছিল ক্ষোভ আর বেদনার আগুন।
বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে একটি স্মারকলিপি প্রদান করতে চাইলে হাই কমিশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন উদ্যোক্তা সংগঠনের নেত্রী কাউন্সিলার পুস্পিতা গুপ্ত। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে থাকা ভবনের দরজাগুলো বন্ধই রইলো—ভিতরে ঢুকতে পারলো না দীপু দাসের পোড়া দেহের গন্ধ, ঢুকতে পারলো না সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার আর্তনাদ।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, “আজ যদি দীপু দাসের জন্য দরজা না খোলে, কাল এই নীরবতা কার জীবন গ্রাস করবে—সে প্রশ্ন রাষ্ট্রকে শুনতেই হবে।”
লন্ডনের রাজপথে দাঁড়িয়ে তারা মনে করিয়ে দেন—বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও ন্যায়বিচার। সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে যারা মানুষ পোড়ায়, আর যারা সেই অপরাধের বিরুদ্ধে স্মারকলিপি নিতেও অস্বীকৃতি জানায়—ইতিহাস তাদের কাউকেই ক্ষমা করবে না।
এই প্রতিবাদ কেবল একটি হত্যার বিরুদ্ধে নয়, এটি দাঁড়িয়ে আছে প্রতিটি সংখ্যালঘুর জীবনের নিরাপত্তার পক্ষে, এটি দাঁড়িয়ে আছে একটি সভ্য, মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
দীপু দাসের পোড়া দেহ হয়তো মাটিতে মিশে গেছে, কিন্তু তার জন্য ওঠা এই প্রতিবাদের আগুন আজ লন্ডনের আকাশ ছুঁয়ে বাংলাদেশের বিবেককে জাগিয়ে তুলতে চায়।
হাইকমিশনের মন্তব্য: স্মারকলিপি দিতে কেউ আসেনি
এদিকে, হাই কমিশন স্মারকলিপি গ্রহন করেনি, প্রতিবাদ সমাবেশের উদ্যোক্তাদের এমন অভিযোগ অস্বীকার করেছেন হাই কমিশনার আবিদা ইসলাম। এ বিষয়ে সত্যবাণীর জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, এই ইস্যুতে কেউতো স্মারকলিপি দিতে আসেনি। তিনি বলেন, নিয়ম অনুযায়ী আয়োজক সংগঠনের প্রতিনিধি দরজায় এসে স্মারকলিপি পৌঁছে দেন আমাদের একজন কর্মকর্তার হাতে। কিন্তু আমাদের হেড অফ চ্যান্সারী আমাকে জানিয়েছেন গতকালের বিক্ষোভ থেকে তাদের সংগঠনের কোন প্রতিনিধি স্মারকলিপি দিতে আসেননি। যেখানে কেউ স্মারকলিপি দিতে আসেনি, সেখানে তা গ্রহন বা প্রত্যাখ্যানের প্রশ্ন আসে কিভাবে? প্রতিবাদ জানানো বা স্মারকলিপি দেয়ার অধিকার সবার আছে, আমরা সবার এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।